গুয়াতেমালায় গ্রেপ্তার ম্যাকাফি (ভিডিও)
বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফিকে গুয়েতেমালায় গ্রেপ্তার করা হয়েছে। গুয়াতেমালায় অনুপ্রবেশের অভিযোগে তাঁকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। এক প্রতিবেশীকে হত্যার অভিযোগ ওঠায় তিন সপ্তাহ আগে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে গুয়াতেমালায় আত্মগোপনে ছিলেন।বিবিসির খবরে জানা গেছে, ম্যাকাফির বিরুদ্ধে মার্কিন নাগরিক ও প্রতিবেশী গ্রেগরি ফাউলকে হত্যার অভিযোগ ওঠে। এ হত্যারহস্য তদন্তে বেলিজ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। আর এ কারণেই রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে তিনি মধ্য আমেরিকার দেশ বেলিজ থেকে পালিয়ে গুয়াতেমালায় যান। যদিও ম্যাকাফি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। গুয়াতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী মরিসিও লোপেজ বনিলা বলেন, অনুপ্রবেশের অপরাধে গুয়াতেমালার অভিজাত এলাকার একটি হোটেল থেকে ম্যাকাফিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ম্যাকাফি তাঁর ব্লগ পোস্টে বলেছিলেন, পুলিশ তাঁকে অযথাই হয়রানি করছে। এ কারণেই তিনি বেলিজ থেকে পালিয়ে গেছেন। তিনি আরও জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানাও নেই।গত সোমবার গণমাধ্যমে ম্যাকাফি বলেন, বেলিজ সরকারের ওপর তাঁর কোনো আস্থা নেই। আর এ কারণেই তিনি প্রেমিকা সামান্থা ভেনেগাসকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন। কারণ, তাঁর এই ঘটনার কারণে যেকোনো সময় সামান্থা অপহরণ হয়ে যেতে পারেন। গতকাল বুধবার অ্যান্টি ভাইরাস মুঘল নামে পরিচিত ম্যাকাফি গুয়াতেমালার অ্যাটর্নি জেনারেল তেলেসফোরো গুয়েরাকে জানিয়েছেন, ‘সাময়িকীর “ভাইস”-এর এক সাংবাদিক, সামান্থা ও আমি প্রায় তিন সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে গুয়েতেমালায় আসি। আমাদের সবার পাসপোর্ট আছে। কিন্তু আমরা যে বেলিজ থেকে বের হয়ে এসেছি ও গুয়েতেমালা ঢুকেছি, এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। এখন আমাদের এ ব্যাপারে একজন আইনজীবীর খুবই প্রয়োজন।’জানা গেছে, মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলকে খুনের দায়ে মধ্য আমেরিকার দেশ বেলিজের পুলিশ জন ম্যাকাফিকে সন্দেহ করে। পুলিশের ধারণা, ম্যাকাফির প্রতিবেশী গ্রেগরি ফাউলের সঙ্গে নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। আর এতেই ক্ষিপ্ত হয়ে তাঁকে গুলি করে হত্যা করেন ম্যাকাফি। গত ১০ নভেম্বর ম্যাকাফির প্রতিবেশী গ্রেগরি ফাউলকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।