গুয়াতেমালায় পালিয়েছেন ম্যাকাফি
বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি গুয়েতেমালায় পালিয়েছেন। এক প্রতিবেশীকে হত্যার অভিযোগ ওঠায় তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এখন গুয়াতেমালায় বিলাসী জীবন যাপন করছেন।ভাইস সাময়িকীতে দেওয়া এক সাক্ষাত্কারে ৬৭ বছর বয়সী ম্যাকাফি বলেন, ‘আমি তিন সপ্তাহ আগে গুয়াতেমালা এসেছি। আমি নির্দোষ।’অ্যান্টি ভাইরাস মুঘল নামে পরিচিত ম্যাকাফি গুয়েরাকে জানিয়েছেন, ‘ভাইস সাময়িকীর এক সাংবাদিক, সামান্থা ও আমি প্রায় তিন সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে গুয়েতেমালায় আসি। আমাদের সবার পাসপোর্ট আছে। কিন্তু আমরা যে বেলিজ থেকে বের হয়ে এসেছি ও গুয়েতেমালা ঢুকেছি, এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। এখন আমাদের এ ব্যাপারে একজন আইনজীবীর খুবই প্রয়োজন।’জানা গেছে, মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলকে খুনের দায়ে মধ্য আমেরিকার দেশ বেলিজের পুলিশ জন ম্যাকাফিকে সন্দেহ করে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন জন ম্যাকাফি। পুলিশের ধারণা, ম্যাকাফির প্রতিবেশী গ্রেগরি ফাউলের সঙ্গে নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। আর এতেই ক্ষিপ্ত হয়ে তাঁকে গুলি করে হত্যা করেন ম্যাকাফি। এ ব্যাপারে পুলিশ ম্যাকাফিকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। আর পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আত্মগোপন করতে তিনি গুয়েতেমালায় গেছেন।এর আগে গত সোমবার গণমাধ্যমে ম্যাকাফি জানিয়েছিলেন, বেলিজ সরকারের ওপর তাঁর কোনো আস্থা নেই। আর এ কারণেই তিনি সামান্থা ভেনেগাসকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন। কারণ, তাঁর এই ঘটনার কারণে যেকোনো সময় সামান্থা অপহরণ হয়ে যেতে পারেন। গত ১০ নভেম্বর ম্যাকাফির প্রতিবেশী গ্রেগরি ফাউলকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।