গুয়ানতানামো বন্ধ করতেই হবে: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবায় অবস্থিত মার্কিন কারাগার গুয়ানতানামো বে বন্ধ করতে নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বন্দীদের মধ্যে অনশন করার প্রবণতা বেড়ে যাওয়ায় তিনি এ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ওই কারাগারে এখন ১৬৬ বন্দীর মধ্যে প্রায় ১০০ জন তাদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার প্রতিবাদে অনশন করছে। গতকাল হোয়াইট হাউসে দেওয়া বিবৃতিতে ওবামা বলেন, ‘আমরা যা, ওই কারাগার এর বিপরীত এবং মার্কিন স্বার্থবিরোধী।’ তিনি দাবি করেন, সেখানে এখন সন্দেহভাজন ব্যক্তি সন্ত্রাসের অভিযোগে বিচারের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য বেসামরিক বিচারব্যবস্থাই যথেষ্ট।মার্কিন কংগ্রেস গুয়ানতানামো কারাগার বন্ধ করে দেওয়ার চেষ্টা চালানোর পথ রুদ্ধ করেছে। ওবামা বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনপ্রণেতাদের সঙ্গে আবার আলোচনা শুরু করবেন।সাংবাদিকদের ওবামা বলেন, গুয়ানতানামোর কর্মকাণ্ড পর্যালোচনার বিষয়ে তিনি একদল কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। সেখানে সমস্যা থাকার বিষয়ে তিনি মোটেও অবাক নন।ওবামা বলেন, এটি চরমপন্থী সংগ্রহের একটি মাধ্যম। এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরাক যুদ্ধ শেষ হয়েছে এবং আফগানিস্তানের কারাগার সে দেশের সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই গুয়ানতানামো চালু রাখার এখন আর কোনো প্রয়োজন নেই। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার নাভি পিল্লাই অবিলম্বে গুয়ানতানামো বন্ধ করার আহ্বান জানিয়েছেন।২০০২ সালের জানুয়ারিতে কিউবার গুয়ানতানামো বে উপকূলে মার্কিন নৌঘাঁটিতে ওই কারাগার স্থাপন করা হয়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অংশ হিসেবে তত্কালীন বুশ প্রশাসন এটি স্থাপন করে।