গুয়ানতানামোর অনশনরত বন্দীদের খাওয়ার পানি দেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার গুয়ানতানামোতে অবস্থিত মার্কিন বন্দীশিবিরে অনশনরত বন্দীদের খাওয়ার পানি দিচ্ছে না কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে বন্দীরা এ অভিযোগ করেছেন। এ ছাড়া, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি আদালতে আইনজীবীরাও অভিযোগ দায়ের করেছেন। খবর এপির।বন্দীদের অবস্থার খোঁজখবর নিতে রেডক্রসের একটি দল কিউবায় আছে। তাদের কাছেই বন্দীরা অভিযোগ করেন। তবে গুয়ানতানামো বন্দীশিবিরের এক মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছেন।আদালতের দাখিল করা অভিযোগে আইনজীবীরা বলেছেন, বন্দীদের খাওয়ার পানি দিচ্ছে না কর্তৃপক্ষ। এ ছাড়া বন্দীরা যাতে অনশন ভাঙতে বাধ্য হন, সে জন্য সেখানে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমিয়ে রাখা হয়েছে।আদালতে অভিযোগ দাখিলকারীদের একজন ডেনভারভিত্তিক মানবাধিকার আইনজীবী মারি নিউম্যান বলেন, ‘অনশনরত বন্দীদের অবস্থা ধীরে ধীরে চরম শোচনীয় হয়ে পড়ছে এবং আমাদের এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে।’গত সোমবার টেলিফোনে গুয়ানতানামোর এক বন্দী ইয়েমেনের নাগরিক মুসাব আল-মাধওয়ানির সাক্ষাত্কার নেওয়া হয়। এর পরই আইনজীবীরা আদালতে ওই অভিযোগ দাখিল করেন।মুসাব জানান, পান করার জন্য তাঁদের বোতলজাত পানি দিচ্ছেন না কারারক্ষীরা। তাঁদের বলা হচ্ছে ট্যাপের পানি পান করতে। কিন্তু ট্যাপের পানি পানযোগ্য নয়।অভিযোগে আইনজীবীরা জানিয়েছেন, বন্দীরা এমনিতেই দীর্ঘদিন ধরে অনশন করছেন। এর মধ্যে পানযোগ্য পানির অভাবে অনেকের কিডনি ও পাকস্থলীতে সমস্যা দেখা দিয়েছে।তবে বন্দীশিবিরের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন রবার্ড ডুরান্ড দাবি করেছেন, বন্দীদের বোতলজাত পানিই দেওয়া হচ্ছে। তা ছাড়া ট্যাপের পানিও পানযোগ্য। তিনি বলেন, ‘ট্যাপের পানি দিয়েই আমি আমার কফি তৈরি করি। বন্দীরাও তাদের দুপুরের রান্না করে ট্যাপের পানি দিয়ে।’আইনজীবীরা জানান, বিনা বিচারে বন্দী রাখা এবং নির্যাতনের প্রতিবাদে গত ৬ ফেব্রুয়ারি থেকে অনশন চালিয়ে যাচ্ছেন গুয়ানতানামোর বন্দীরা। সেখানে আটক ১৬৬ জনের অধিকাংশই অনশন করছেন। তাঁদের অনেকের অবস্থাই শোচনীয়। অনেকের ওজন কমে গেছে আশঙ্কাজনকভাবে। তবে ঠিক কতজন বন্দী অনশন করছেন, এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে গতকাল বন্দীশিবির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অনশন করছেন মোট ৩১ জন বন্দী। এর মধ্যে ২৮ জন অনশনে যোগ দিয়েছেন গত সোমবার থেকে।