গুরুতর অনিয়মের দায়ে এমডিকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর অনিয়মের দায়ে মোহাম্মদ এন এস কবিরকে আর্থিক প্রতিষ্ঠান এফএএস (ফেডালিটি) ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ২৬(১) ধারা অনুসারে কেন্দ্রীয় ব্যাংক এন এস কবিরকে গত সোমবার বিকেলে অপসারণ করে। এই আইনের অধীনে কোনো আর্থিক প্রতিষ্ঠানের এমডিকে অপসারণের ঘটনা দেশে এটাই প্রথম।বাংলাদেশ ব্যাংক একই আইনের ধারাবলে এন এস কবিরকে আগামী তিন বছরের জন্য অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক কোম্পানিতে চাকরি বা পরিচালনা অথবা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর বিধিনিষেধও আরোপ করেছে।এর আগে অন্তত সাতটি গুরুতর অনিয়মের প্রমাণ পায় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল। যেসব অনিয়মের দায়ে গত ৫ জুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, তার জবাবে সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক।সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল প্রমাণ পায় এন এস কবির এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি পদে থাকাকালে ভিন্ন আরেকটি প্রতিষ্ঠান এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় প্রতিষ্ঠান থেকে তিনি মাসিক এক লাখ ৫৫ হাজার টাকা হিসাবে ২০১০-এর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট চার লাখ ৬৫ হাজার টাকা বেতন নেন। আবার তিনি একই সঙ্গে এফএএস ফিন্যান্স থেকেও বেতন-ভাতা গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংক বিষয়টি উদ্ঘাটনের পর তিনি দ্বিতীয় প্রতিষ্ঠানের বেতন নেওয়া বন্ধ করেন এবং ইতিমধ্যেই সেখান থেকে নেওয়া চার লাখ ৬৫ হাজার টাকা ফেরতও দেন। দুই প্রতিষ্ঠানে চাকরি করা এবং বেতন নেওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুনির্দিষ্ট নির্দেশনার লঙ্ঘন।কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল আবিষ্কার করে, এন এস কবির ২০১০ সালের বিভিন্ন সময়ে আর্থিক প্রতিষ্ঠানটি থেকে অনুমোদিত চিকিৎসা ভাতার অতিরিক্ত মোট এক লাখ ২০ হাজার ৫১১ টাকা তুলেছেন। তিনি হদিসবিহীন চারজন কর্মকর্তার নামে মোট পাঁচ লাখ ৪৩ হাজার টাকাও গত বছর আর্থিক প্রতিষ্ঠানটি থেকে আত্মসাৎ করেন। তিনি ব্যক্তিগত তিনটি ক্রেডিট কার্ডের বিল বাবদ চার লাখ ৯৬ হাজার ৪১ টাকা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেন। আবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই ২০০৯ ও ২০১০ সালে ব্যক্তিগত উদ্দেশ্যে ১২ বার বিদেশে ভ্রমণ করেন। কিন্তু এর যাবতীয় ব্যয় নির্বাহ করেন প্রতিষ্ঠানের টাকায়। এসব ভ্রমণের উদ্দেশ্য হিসেবে ব্যবসা সম্প্রসারণের কথা বলা হলেও বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এফএএসের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, এমন কোনো প্রমাণ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল পায়নি বা এন এস কবিরও দিতে পারেননি। এন এস কবির একই সঙ্গে গুলশান ক্লাবের সদস্যপদের ফি প্রতিষ্ঠান থেকে নিয়ে জমা করেন। তিনি প্রতিষ্ঠানের চাকরির শর্তের অতিরিক্ত আরও দুটি গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন।সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলে এন এস কবির প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক যেসব অভিযোগ এনেছে, তার প্রতিটি বিষয়ে তিনি কেন্দ্রীয় ব্যাংককে জবাব দিয়েছেন। কিন্তু সেসব জবাব আমলে নেওয়া হয়নি, এমনকি পড়েও দেখেনি বলে তিনি মনে করেন।এন এস কবির বলেন, ‘দুই প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না এমন শর্ত জানতাম না। জানার পর দ্বিতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া বেতনের সব টাকা ফেরত দিয়েছি।’ বিদেশ ভ্রমণের বিষয়ে তিনি বলেন, ভ্রমণের পর এসে সব ভ্রমণের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়া হয়েছে। বিদেশে ভ্রমণের বড় অংশ ছিল সেমিনার, সিম্পোজিয়ামে অংশ নেওয়া। তিনি দাবি করেন, দেশে যে আইটি পার্ক হবে, এটা তাঁদের ভ্রমণেরই ফল।