গুরুতর অপরাধ আপসযোগ্য করার বিধান রাখা হবে না: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ফৌজদারি কার্যবিধির সংশোধনীতে চাঁদা আদায়, মৃত্যুর ভয় দেখিয়ে চাঁদাবাজি, চুরি, ব্যাংক জালিয়াতি, যৌতুকের জন্য নির্যাতন, বেপরোয়া গাড়ি চালিয়ে বা অবহেলাজনিত মৃত্যু, হত্যার উদ্দেশ্যে জখমসহ অন্যান্য গুরুতর অপরাধ আপসের মাধ্যমে মীমাংসার বিধান রাখা হবে না।আজ বুধবার এক বিবৃতিতে আইনমন্ত্রী একথা বলেন। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিষয়গুলো সংশোধিত ফৌজদারি কার্যবিধির খসড়ায় থাকলেও সংশ্লিষ্টদের পরামর্শে সেগুলো বাদ দিয়ে ছোটখাটো অপরাধ, যা ফৌজদারি কার্যবিধির তফসিলে আপসযোগ্য হিসেবে উল্লেখিত, কেবল সেগুলো মধ্যস্থতাকারীর সহায়তায় আপস-মীমাংসার বিধান রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হবে। আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আদালতে মামলাজট কমাতে, বিচারপ্রার্থীদের হয়রানি দূর করতে এবং অর্থ ও সময়সাশ্রয়ী বিচারপদ্ধতি প্রচলনের লক্ষ্যে ছোটখাটো আপসযোগ্য ফৌজদারি বিরোধ মধ্যস্থতাকারীর সহায়তায় বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থায় নিষ্পন্নের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।আইন মন্ত্রণালয় সংশোধনীর বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট অনেকের মতামত নিয়েছে। সংশ্লিষ্ট সবার মতামত ও সুপারিশ বিবেচনা করে ফৌজদারি কার্যবিধির খসড়া চূড়ান্ত করা হবে।