গুরুত্বপূর্ণ আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবুল ও ওয়াশিংটনের মধ্যে শীতল সম্পর্ক কাটিয়ে ওঠার লক্ষ্যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল সোমবার চার দিনের এক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূত কার্ল এইকেইনবেরি বলেন, এ সফর দুই দেশের মধ্যে মৈত্রী আরও বাড়াবে। গত বছরের নির্বাচনে হামিদ কারজাইয়ের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ওঠায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিভিন্ন আলোচনায় একদিকে কারজাই আফগানিস্তানে বিদেশি সেনাদের হাতে সাধারণ নাগরিকদের মৃত্যুর ওপর গুরুত্ব দেবেন এবং অন্যদিকে মার্কিন কর্মকর্তারা দুর্নীতির বিষয়টির ওপর জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করার কথা হামিদ কারজাইয়ের। ওবামার সঙ্গে আলোচনার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গেও দেখা করবেন কারজাই। বিবিসির পররাষ্ট্রবিষয়ক প্রতিনিধি কিম গেটস জানান, কারজাইকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র। কার্ল এইকেইনবেরি বলেন, ‘সম্পর্কে উত্থান-পতন থাকবেই। তবুও কারজাইয়ের ওপর আস্থা আছে ওবামার।’ তিনি আরও বলেন, ‘আমাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও কাজ করে যেতে হবে।’ এদিকে আফগানিস্তানে মার্কিন জেনারেল ম্যাকক্রিস্টাল জোর দিয়ে বলেছেন, কারজাইয়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। ম্যাকক্রিস্টাল বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে কারজাইয়ের সঙ্গে আমার কার্যকর, সরল ও দায়িত্বশীল সম্পর্ক রয়েছে। এখনও পর্যন্ত কারজাইয়ের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি খুশি।’ উল্লেখ্য, এমন একটি সময়ে কারজাই যুক্তরাষ্ট্র সফর করছেন যখন ন্যাটো বাহিনী দক্ষিণ কান্দাহার প্রদেশে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে, আর কারজাই প্রশাসন আদিবাসী নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসার সব আয়োজন সম্পন্ন করেছেন, যেখানে তাঁরা শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করবেন।