সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারকশূন্য
গুরুত্বপূর্ণ মামলার শুনানি হচ্ছে না
সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের শুনানির ধার্য তারিখ ছিল ১১ আগস্ট। অপর একটি আদালতের নির্দেশনা অনুযায়ী কিবরিয়া পরিবারের পক্ষের আইনজীবী হিসেবে নারাজি দরখাস্ত দাখিল করতে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভূঁইয়া হবিগঞ্জ থেকে ওই দিন সিলেটে আসেন। কিন্তু বিচারক না থাকায় নারাজি দরখাস্ত আদালতে আর দাখিল করতে পারেননি।আইনজীবী আলমগীর ভূঁইয়া প্রথম আলোকে জানান, গত ২০ জুন হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর কিবরিয়ার পরিবার তা প্রত্যাখ্যান করলে নারাজি দরখাস্ত দাখিল করা হয়েছিল। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার মূল নথি থাকায় নারাজি দরখাস্ত সরাসরি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়।আদালতের এ নির্দেশনায় প্রথম দফা ২৫ জুলাই তিনি নারাজি দরখাস্ত দাখিল করতে সিলেটে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসেন। বিচারক না থাকায় ১১ আগস্ট পরবর্তী তারিখ পড়ে। ১১ আগস্ট সিলেট এসেও সেই একই কারণে তারিখ বদল হলে আবার ফিরে যান। ২৩ আগস্ট নতুন তারিখ ধার্য থাকলেও শুনানি হয়নি। আদালত সূত্রে জানা গেছে, শুধু এ মামলা নয়, চাঞ্চল্যকর আরও অনেক মামলা তারিখ বদল করে চলছে ছয় মাস ধরে। কারণ, আদালত বিচারকশূন্য। এ অবস্থায় সিলেট বিভাগের চার জেলার একমাত্র এই ট্রাইব্যুনালের বিচার-কার্যক্রমে স্থবিরতার সৃষ্টি হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রমতে, সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব উল ইসলাম চলতি বছরের ৩১ জানুয়ারি পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি হন। ২০০৯ সালের ৪ মার্চ তিনি ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যোগ দিয়েছিলেন। বদলির আগে কেবল গত জানুয়ারি মাসেই আলোচিত চারটি মামলার নিষ্পত্তি করেন তিনি। বর্তমানে এ আদালতে ২৫টি মামলা বিচারাধীন। সব কটি মামলা সিলেট বিভাগের মধ্যে আলোচিত ও চাঞ্চল্যকর। সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলা প্রভৃতি। আদালত সূত্র জানায়, বিচারক না থাকায় এ আদালতের মামলার কার্যক্রম কাগজপত্রে জেলা জজ আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। জেলা জজ আদালত থেকে কেবল নতুন তারিখ ধার্য করা হয়। এ কারণে ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। আদালতের এজলাস, আসামির কাঠগড়া প্রায় ছয় মাস ধরে অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে।ট্রাইব্যুনালে মামলাসংশ্লিষ্ট একজন আইনজীবী ক্ষোভের সঙ্গে জানান, সম্প্র্রতি দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল করে সরকার। কিন্তু আইন মন্ত্রণালয়ে সিলেট বিভাগীয় ট্রাইব্যুনালে বিচারকশূন্যতার বিষয়টি দফায় দফায় লিখিতভাবে জানালেও বিচারকের শূন্য পদ আর পূরণ হয়নি।যোগাযোগ করলে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর বলেন, ‘প্রায় ছয় মাস ধরে আমাদের ট্রাইব্যুনালে বিচারক নেই। বিচারক না থাকায় মামলার নিষ্পত্তিতে সময় গড়ানো স্বাভাবিক। তবে বিচারকশূন্যতার বিষয়টি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।’ ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।এ ব্যাপারে বিশেষ সরকারি কৌঁসুলি জানান, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের নির্দেশে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলা স্থানান্তরিত হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম অধিকতর তদন্তসংক্রান্ত শুনানি শেষে তদন্ত কর্মকর্তাকে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারকের পদ শূন্য থাকায় বারবার তারিখ পরিবর্তন হচ্ছে।