গুরুত্বপূর্ণ সব মামলার তদন্ত সিআইডিতে দেওয়ার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব থানায় দায়ের করা যেকোনো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত থাকবে সিআইডির হাতে। এ জন্য থানাগুলোতে সিআইডির ছোট ছোট শাখা থাকবে। থানার দুই পরিদর্শকের একজন সিআইডি পরিদর্শক হিসেবে সেই শাখার প্রধান হবেন। গতকাল বুধবার পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী গ্রুপের বৈঠকে সিআইডির প্রধান মোখলেসুর রহমান এ প্রস্তাব করেন।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রস্তাবটি পর্যালোচনায় একটি কমিটি গঠনের নির্দেশ দেন। পুলিশ সদর দপ্তর মিলনায়তনে গতকাল সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে পুলিশের বিশেষায়িত শাখা হিসেবে র‍্যাবের মতো সিআইডি ও এসবিতে কর্মরত সবাইকে বেতনের অতিরিক্ত ৫০ শতাংশ বিশেষ ভাতা হিসেবে দেওয়ার প্রস্তাব করা হয়। বৈঠকে কনস্টেবলদের পদোন্নতি ও ৫২ বছরের বেশি বয়সের লোককে র‍্যাবে না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত হয়।এ সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, সিআইডির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশের নীতিনির্ধারণী গ্রুপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল নির্ণয়সহ বাহিনীর সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। এ গ্রুপের বৈঠকে আইজিপি থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি), এসবি, সিআইডিসহ সব বিভাগীয় প্রধান, ছয় মহানগর পুলিশের কমিশনাররাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন।একজন কর্মকর্তা জানান, বৈঠকে সিআইডির পক্ষে পৃথক দুটি প্রস্তাব করা হয়। একটিতে বলা হয়, বেশির ভাগ সময়ই মামলা তদন্তের গুণমান খুব দুর্বল হয়। আদালত তদন্তকারী কর্মকর্তার প্রতি বিরূপ মন্তব্য করে থাকেন। আবার বাদীর পক্ষ থেকেও আদালতে তদন্ত প্রতিবেদনের ব্যাপারে নারাজি আবেদন করা হয়। সিআইডির প্রধান বৈঠকে বলেন, থানায় দুজন করে পরিদর্শক দেওয়ার পর তদন্তের মান উন্নত হওয়ার সম্ভাবনা কম। কারণ তদন্তকারী কর্মকর্তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বেই থাকবেন। তাঁদের হাতে থানার অন্য সব কাজ আগের মতোই থাকবে। তা ছাড়া এক থানায় দুই পরিদর্শক নিয়ে মানসিক দ্বন্দ্বও দেখা দিতে পারে।জেলা পর্যায়ে সিআইডির কার্যক্রম প্রসঙ্গে বৈঠকে বলা হয়, জেলা পর্যায়ে সিআইডির কাজকর্ম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে থাকবে না। এ জন্য আলাদা দপ্তর করা হবে। সেখানে সিআইডির কর্মকর্তারা নিজের মতো করে কাজ করবেন। এতে করে তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।সূত্র জানায়, আরেকজন কর্মকর্তা র‍্যাবের মতো এসবি ও সিআইডিতে কর্মরত সদস্যদের বেতনের অতিরিক্ত ৫০ শতাংশ বিশেষ ভাতা হিসেবে দেওয়ার প্রস্তাব করেন। এ প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর আদেশ দেন আইজিপি।বৈঠকে কনস্টেবল থেকে এএসআই হিসেবে পদোন্নতির ক্ষেত্রে জটিলতা দ্রুত দূর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিদ্ধান্ত হয়, ৫২ বছরের বেশি বয়সের লোককে র‍্যাবে নিয়োগ দেওয়া যাবে না। এখন ৫০ বছর বয়স পর্যন্ত র‍্যাবে যাওয়া যায়।বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, উপস্থিত সদস্যরা অনেক বিষয়ে আলোচনা করেছেন। কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।