দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক আইনের খসড়া তৈরি করেছে আইন কমিশন। এতে অনুসন্ধান, প্রশাসনিক শাস্তি, প্রতিরোধমূলক ব্যবস্থাসহ গুরুদণ্ডের বিধান রয়েছে। তবে প্রশাসনিক দণ্ড বা এ আইনের কোনো কিছুই যৌন হয়রানির শিকার ব্যক্তিকে মামলা করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। কমিশন খসড়াটি প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠিয়েছে।প্রতিবেদনে আইনটির ব্যাপক প্রচারণার ব্যবস্থা করতে বলা হয়েছে। আইন বাস্তবায়নের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থারও সুপারিশ করা হয়েছে।লঘু অভিযোগ: যৌন ইঙ্গিতবাহী কোনো কিছু উপস্থাপন ও মন্তব্য করাকে লঘু অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য অনাকাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়—এমন আবেদন বা অনুরোধ করা, পর্নোগ্রাফি দেখানো, যৌন ইঙ্গিতমূলক মন্তব্য বা ইশারা করা, অশালীন অঙ্গভঙ্গি, ভাষা বা মন্তব্যে উত্ত্যক্ত করা, অশালীন উদ্দেশ্য পূরণে কোনো ব্যক্তির অলক্ষ্যে তার কাছে যাওয়া বা অনুসরণ করা, যৌন ইঙ্গিতপূর্ণ ঠাট্টা বা উপহাস করা এই অভিযোগের আওতায় পড়বে। চিঠি, টেলিফোন, মোবাইল, এসএমএস, ই-মেইল ও নোটিশ বা কার্টুনের মাধ্যমে বেঞ্চ, চেয়ার, টেবিল, নোটিশ বোর্ড, কার্যালয়, কারখানা, শ্রেণীকক্ষ, শৌচাগার বা যেকোনো স্থানে বা দেয়ালে যৌন ইঙ্গিতমূলক কোনো কিছু লেখা বা অঙ্কন করা বা চিহ্নকরণ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো অশ্লীল বা যৌনতা সংশ্লিষ্ট কোনো বস্তু রাখা বা দেখানো লুঘ অপরাধ বলে গণ্য হবে।এ ছাড়া লঘু অপরাধ হিসেবে গণ্য হবে—যৌন আকাঙ্ক্ষা পূরণে কমনরুম, ওয়াশরুম, শৌচাগার বা এ ধরনের কোনো স্থানে উঁকি দেওয়া। লিঙ্গগত কারণে বা যৌন হয়রানির উদ্দেশ্যে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রাতিষ্ঠানিক ও শিক্ষাগত কার্যক্রমে অংশ নেওয়া বা বিরত থাকতে বাধ্য করা।গুরুতর অভিযোগ: এতে আছে—সরাসরি বা ইঙ্গিতে অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ। যেমন—শারীরিক স্পর্শ বা এমন প্রচেষ্টা। প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করে কারও সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা। ব্ল্যাকমেইল বা চরিত্র হরণের উদ্দেশ্যে কারও স্থিরচিত্র বা ভিডিওচিত্র ধারণ ও সংরক্ষণ, প্রদর্শন, বিতরণ, বিপণন ও প্রচার বা প্রকাশ করা। প্রতারণা করে, ভয় দেখিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা। প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়ে হুমকি দেওয়া বা চাপ প্রয়োগ।এ ছাড়া যৌন আকাঙ্ক্ষা পূরণে কোনো কাজ করতে অস্বীকার করায় কাউকে পদোন্নতি বা পরীক্ষার যথাযথ ফল বা অন্যান্য যেকোনো সুবিধা থেকে বাধাগ্রস্ত করাও গুরুতর অপরাধ। লঘু ও গুরুদণ্ড: খসড়ায় লঘু-গুরু অপরাধের জন্য লঘু-গুরুদণ্ডের বিধান রয়েছে। লঘুদণ্ডে আছে—তিরস্কার, ভর্ৎসনা, সতর্কীকরণ, নির্দিষ্ট সময়ের জন্য বেতন বৃদ্ধি বা পদোন্নতি স্থগিত রাখা ও টাইম স্কেল বন্ধ রাখা। অভিযুক্ত ব্যক্তির বেতন-ভাতা বা অন্য কোনো উৎস থেকে যৌন হয়রানির শিকার ব্যক্তির জন্য ক্ষতিপূরণ আদায়। নির্দিষ্ট সময়ের জন্য ছাত্রত্ব স্থগিতকরণ।গুরুদণ্ড হলো—পদাবনতি বা টাইম স্কেলের নিম্ন ধাপে অবনমন। বাধ্যতামূলক অবসর, অব্যাহতি ও চাকরিচ্যুতি। অভিযুক্ত ব্যক্তির বেতন-ভাতা থেকে বা অন্য কোনো উৎস থেকে যৌন হয়রানির শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান। ছাত্রত্বের অবসান।অভিযোগ কমিটি গঠন: অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠনের বিধানে বলা হয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অভিযোগ গ্রহণ, অনুসন্ধান ও সুপারিশের জন্য ‘অভিযোগ কমিটি’ গঠন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারী ও কর্মকর্তার সংখ্যা ৫০ জনের বেশি হলে অভিযোগ কমিটি হবে কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট। এর কম হলে কমিটি হবে কমপক্ষে তিন সদস্যবিশিষ্ট। তাঁদের একজন চেয়ারম্যান হবেন। সম্ভাব্য ক্ষেত্রে কমিটির প্রধান এবং বেশির ভাগ সদস্য হবেন নারী।পরিচয় প্রকাশে বিধিনিষেধ: অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় গোপন রাখতে হবে। অনুসন্ধান চলাকালে এমন কোনো সংবাদ, তথ্য, নাম-ঠিকানা ইত্যাদি সংবাদমাধ্যমে প্রকাশ ও পরিবেশন করা যাবে না।অভিযোগ দায়ের: যৌন হয়রানির শিকার ব্যক্তি নিজে বা তার মনোনীত প্রতিনিধি যার সামনে ঘটনা ঘটেছে, তিনি, চিঠি পাঠিয়ে বা লিখিত আকারে নির্দিষ্ট অভিযোগ বাক্সে অভিযোগ করতে পারবেন। ঘটনা ঘটার ৩০ কার্যদিবসের মধ্যে অভিযোগ করতে হবে। লিখতে না পারলে অভিযোগকারী মৌখিকভাবেও অভিযোগ করতে পারবেন।কমিটির কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হলে তাঁকে বাদ দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে অ্যাডহক কমিটি (অন্তর্বর্তীকালীন কমিটি) গঠনের সুযোগ রয়েছে।প্রচলিত আইনে অপরাধ হলে: অভিযোগটি প্রচলিত অন্য কোনো আইনে অপরাধ হিসেবে গণ্য হলে এবং এ বিষয়ে কোনো মামলা না হলে কমিটির তাৎক্ষণিক দায়িত্ব হবে অভিযোগকারীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।অনুসন্ধান পরিচালনার পদ্ধতি: অভিযোগ কমিটিকে যথাসম্ভব গোপনীয়তা বজায় রেখে, অবশ্যই নিভৃত কক্ষে সাক্ষ্য গ্রহণ করতে হবে। সাক্ষ্য গ্রহণে উদ্দেশ্যমূলক, অপমানজনক বা হয়রানিমূলক আচরণ ও প্রশ্ন করা যাবে না। অভিযোগ কমিটির শুনানি পরিচালনা, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট সব দালিলিক পর্যবেক্ষণের ক্ষমতা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্মক্ষেত্র অভিযোগ কমিটিকে সব ধরনের সহযোগিতা করতে বাধ্য থাকবে। অন্যান্য: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তি ৩০ কার্যদিবসের মধ্যে সহকারী জজ এবং সরকারি কর্মচারী হলে প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। খসড়ায় অনুসন্ধান-পূর্ব আপস-মীমাংসা এবং মিথ্যা অভিযোগেরও দণ্ডের বিধান রাখা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগকারী নিজের বা অভিযুক্ত ব্যক্তির বদলি প্রার্থনা করতে পারবেন। কর্তৃপক্ষ অভিযোগকারী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করবে। অভিযোগকারী যাতে কোনো বৈষম্যের শিকার না হন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে।প্রতিক্রিয়া: আইনের খসড়া সম্পর্কে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের রায়ের আলোকে আইন কমিশন শিক্ষা ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইনের খসড়া প্রস্তুত করেছে। এটি মন্ত্রণালয়ে এসেছে। আইনটি চূড়ান্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন।’বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, ‘যৌন হয়রানি রোধে আমরা হাইকোর্টে রিট করলে আদালত নির্দেশনা দিয়ে রায় দেন। দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় ওই নির্দেশনার আলোকেই কাজ চলছে। আইন কমিশন ওই নির্দেশনা এবং বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করে খসড়া তৈরি করেছে। এটি কার্যকর হলে যৌন হয়রানি সহনীয় পর্যায়ে আসবে।’ আইন কমিশনের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা শারমিন নিগার সোমবার প্রথম আলোকে বলেন, খসড়াটি আইন, স্বরাষ্ট্র, শিক্ষা, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনটি চূড়ান্ত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী করণীয় ঠিক করবে।