গুরুদাসপুর ও তারাগঞ্জে মানুষ খেপে উঠছে
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতের অভাবে দুই শতাধিক চালকলের উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় স্থানীয় বাজারে চালের দাম বাড়ছে। একই সঙ্গে মিলের প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। গুরুদাসপুর চালকল মালিক সমিতি সূত্র জানায়, উপজেলায় ২০০টি বয়লার-চাতাল, চালকল, একটি অটো রাইস মিল ও আটটি চাল সুটার (চাল প্রক্রিয়াজাত) মিল রয়েছে। এসব মিল থেকে প্রতিদিন গড়ে এক লাখ মণ চাল উৎপাদিত হয়। কিন্তু দিন-রাত মিলে গড়ে দুই-তিন ঘণ্টাও বিদ্যুৎ থাকে না উপজেলায়। ফলে মিলগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। যার প্রভাব গিয়ে পড়েছে চালের বাজারে, প্রভাব পড়েছে বিত্তহীন ও মধ্যবিত্ত পরিবারে।উপজেলার অটো রাইস মিল শেখ অটোজের প্রোপ্রাইটার ওমর আলী শেখ অভিযোগ করেন, বিদ্যুতের অভাবে মিলে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে চালের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে।বামনকোলা মহল্লার ভাই ভাই চালকলের মালিক সিদ্দিকুর রহমান ওরফে মুনু সরকার অভিযোগ করেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২-এর অধীনে গুরুদাসপুর সাবস্টেশনের পাঁচটি ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। কিন্তু সমিতি-২-এর মহাব্যবস্থাপক মজিবুল হক তাঁর পছন্দের একটি লাইনে আটটি চাল সুটার এবং রাইস মিলে বেশি বিদ্যুৎ সরবরাহ করেন। ফলে বাকি ফিডার এলাকার মিলে বিদ্যুতের চালকলগুলোর উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। অথচ প্রতিদিন হাজার হাজার শ্রমিককে বেতন দিতে হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এ চালকল মালিকদের মোটা অঙ্কের ব্যাংক ঋণের সুদ গুনতে হচ্ছে। চাঁচকৈড় বাজারের মেসার্স শারমিন এন্টারপ্রাইজের মালিক শেখ আলমগীর হোসেন জানান, বিদ্যুতের অনিয়মিত সরবরাহে যেকোনো মুহূর্তে মিলের মটর পুড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কা থাকে। ইতিমধ্যে উপজেলার কিছু কিছু মিলের মটর পুড়ে গেছে। এদিকে চাঁচকৈড় বাণিজ্যিক এলাকার ইলেকট্রনিকস মার্কেট বলে পরিচিত ‘সিএম মার্কেট’-এর হ্যালো সুমনের প্রোপ্রাইটার আবুহেনা মোস্তফা কামাল জানান, বিদ্যুৎ না থাকায় পুরো ইলেকট্রনিকস মার্কেটই যেন অচল হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে এর প্রতিকার চাই।গুরুদাসপুর চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার বলেন, ৪ নং ফিডারের আওতায় তাঁর তিনটি চালকল ও একটি সুটার মিল রয়েছে। এসব মিলে প্রতিদিন গড়ে এক হাজার বস্তা চাল উৎপাদিত হয়। কিন্তু বিদ্যুৎ না পাওয়ায় এখন ছয় দিনেও ১০০ বস্তা চাল উৎপাদন হচ্ছে না। এতে চালের দাম আরও বাড়ার আশঙ্কা আছে। তিনি আরও বলেন, প্রতিদিন গড়ে ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। তা ছাড়া ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ নিয়েও টেনশন পোহাতে হচ্ছে চালকল মালিকদের। তিনি জানান, বিদ্যুতের চলমান এই সমস্যা নিয়ে বিভিন্ন পর্যায়ে দেন-দরবার করেও লাভ হচ্ছে না। সমিতির সদস্যরা খেপে উঠছেন। এখন আন্দোলনে যাওয়া ছাড়া উপায় নেই।পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক মজিবুল হক জানান, গুরুদাসপুরে ১০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলছে মাত্র দুই দশমিক পাঁচ মেগাওয়াট। এ কারণে চাহিদা পূরণ হচ্ছে না। তবে আশার কথা হচ্ছে, চাল উৎপাদনকারী অঞ্চল হওয়ায় বিশেষ বিবেচনায় আরও দুই মেগাওয়াট বিদ্যুৎ বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এদিকে আমাদের তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, তিন সন্তানের জনক রিকশাচালক কেচু মিয়া। বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ছোট ইকরচালী গ্রামে। বড় মেয়েটা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। প্রায় রাতেই কেরোসিনের অভাবে সে পড়তে পারে না। মেয়ের জন্যই কেচু মিয়া বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন নেন। কিন্তু তাতে বেড়ে যায় পারিবারিক অশান্তি। লোডশেডিংয়ের জ্বালায় মেয়ে তো তেমন পড়তেই পারে না। খরচ বেড়ে যাওয়ায় অভাব আরও প্রকট হয়েছে। এতে কেচু মিয়ার মেজাজ সব সময় খিটখিটেই থাকে। তার ওপর ২৯ জুন রাতে রিকশা চালিয়ে এসে চরম ক্ষুধা নিয়ে যখন খেতে বসেন, তখন চলে যায় বিদ্যুৎ। স্ত্রী জোবেদা খাতুন কুপি জ্বালানোর সময় কেরোসিন তেল ভাতের থালায় পড়ে যায়। এতে কেচু মিয়া খেপে স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেন। পড়ে জোবেদা তিন দিন তারাগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। শুধু কেচু মিয়া নন, পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লোডশেডিংয়ের কারণে উপজেলাবাসীর মনে শান্তি নেই। টাকা খরচ করে লাইন নিয়ে সার্বক্ষণিক লোডশেডিংয়ের জ্বালায় বিদ্যুতের চেহারাই দেখে না তারা। ক্ষুব্ধ সাধারণ মানুষ বিদ্যুতের দাবিতে ১৫ জুলাই বিক্ষোভ করে মহাসড়ক পর্যন্ত অবরোধ করে। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বালাপাড়া গ্রামের গৃহবধূ আসমা খাতুন বলেন, ‘বিদ্যুৎ চলি গেইলে বাচ্চারা চিকরাচিকরি করে। কুপি জ্বালতে এট্টু দেরি হইলে স্বামীও গালিগালাজ করে, ডাং করে।’ কূর্শা গ্রামের সমাজসেবক ভবেশ চন্দ্র অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের লোকদের কথার কোনো দাম নেই। ১৫ জুলাই সড়ক তিন ঘণ্টা অবরোধের পর পাগলাপীর পল্লী বিদ্যুৎতের মহাব্যবস্থাপক লোডশেডিং কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ভাপসা গরমে রাতে ঘুমানো যাচ্ছে না।মেনানগর গ্রামের গৃহবধূ ময়না খাতুন বলেন, ‘বিদ্যুৎ খালি আইসে আর যায়! ১০ মিনিট বিদ্যুৎ থাকলে দু-তিন ঘণ্টা লোডশেডিং। রাত ১২টার পর বাচ্চাকাচ্চা কোলে নিয়া ঘরের বাইরে বইসা থাকতে হয়।’কূর্শা ইউনিয়নের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, শুধু লোডশেডিং নয়, পল্লী বিদ্যুতের পাগলাপীর অভিযোগকেন্দ্রের কর্মীদের দুর্ব্যবহারেও জনগণ অতিষ্ঠ। সবকিছু মিলিয়েই তারাগঞ্জবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। এরই বহিঃপ্রকাশ ১৫ জুলাই ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ। কূর্শা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, ১৫ জুলাই স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের সঙ্গে পাগলাপীর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেনের আলোচনা হয়। এরপর শত শত মানুষের অভিযোগ শুনে মহাপরিচালক লোডশেডিং কমানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু এখন পর্যন্ত আগের মতোই লোডশেডিং হচ্ছে। ঘনিরামপুর গ্রামের যুবক জুয়েল বলেন, লোডশেডিং না কমালে আবারও আন্দোলন করা হবে। এবার তিন ঘণ্টা নয় গোটা উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে। মোবাইল ফোনে মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন বলেন, ‘প্রয়োজনের তুলনায় চার ভাগের এক ভাগ বিদ্যুৎ বরাদ্দ পাই। লোডশেডিং না দিয়ে করব কি?’ তবে তিনি তারাগঞ্জে আগের চেয়ে লোডশেডিং কমানো হয়েছে বলে দাবি করেন।