নাটোরের গুরুদাসপুর পৌরসভা প্রধান সড়কের পাশ দিয়ে কোটি টাকার ড্রেনগুলো নির্মিত হলেও এর উত্সমুখ আটকে রাখায় এখন বদ্ধজলাশয়ে পরিণত হয়েছে। ড্রেনেজগুলোয় যথেচ্ছভাবে আবর্জনার স্তূপ ও পানি জমে রয়েছে। জমে থাকা পানিতে ভাসছে মরা কুকুর, বিড়াল, ইঁদুরসহ পলিথিন আর অব্যবহূত প্লাস্টিক সামগ্রী। পানি নিষ্কাশন না হওয়ায় ড্রেনের পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে স্থানীয় ব্যক্তিদের এখন টিকে থাকা দায় হয়ে পড়েছে। পথচারী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের চলতে হচ্ছে নাক চেপে। তার পরও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৯৬ লাখ টাকা ব্যয় বরাদ্দে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় কাঠহাটা চৌরাস্তা থেকে নন্দকুঁজা নদীর ঘাট (চাউলহাটা), কলেজ রোডের চাকার মোড় থেকে নন্দকুঁজা নদী (রসুনহাটা) এবং মেয়র মশিউর রহমানের ধান সেদ্ধ করা বয়লার (চাতাল) থেকে পুরানপাড়া হয়ে গাড়িষাপাড়া পর্যন্ত ৩ কিমি ঢালাই করা ড্রেনের কাজ শুরু হয় প্রায় ছয় মাস আগে। বর্তমানে কাঠহাটা চৌরাস্তা থেকে চাউলহাটা পর্যন্ত ড্রেনের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। অন্য ড্রেনেজগুলোর নির্মাণকাজ অনেক আগে শেষ হলেও এর উত্সমুখ এখনো বন্ধ রয়েছে।এদিকে শহরের ব্যস্ত এলাকায় নির্মিত ড্রেনেজগুলোয় দেওয়া হয়নি কোনো রকম স্লাব। এ কারণে চলতি পথে অনেকেই অসাবধানতায় পড়ছে ড্রেনের নোংরা পানিতে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। একই সঙ্গে নির্বিচারে ড্রেন সংলগ্ন এলাকার বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ক্লিনিকগুলোর নোংরা আবর্জনা এবং মরা মুরগি, ইঁদুর, বিড়াল নির্দিষ্ট জায়গায় না ফেলে যথেচ্ছাভাবে ড্রেনে ফেলায় পচা দুর্গন্ধে স্থানীয় ব্যক্তিদের এখন টিকে থাকায় দায় হয়ে পড়েছে। পথচারীদের চলতে হচ্ছে নাক চেপে। এতে করে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। ভুক্তভোগী ইসাহক আলী বলেন, ‘পৌরসভার ওয়ার্ড কমিশনার কালাম ফকির আমার নিজের টাকায় তৈরি স্লাবগুলো নিয়ে গেলেও নতুন স্লাব এখনো তৈরি করে দেয়নি। এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। দিপ্তী পেপার কর্নারের মালিক গৌতম পাল জানান, ড্রেনের স্লাব না থাকায় কাস্টমাররা মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিধি অনুযায়ী ড্রেনের স্লাব দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার দীর্ঘদিনেও স্লাব দেয়নি। ফলে দুর্গন্ধে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। কলেজ ছাত্র জুয়েল, বর্ণা ও কাজলী জানান, কলেজে যাতায়াতের সময় নাকে ওড়না চেপে চলতে হয়। দুর্গন্ধে বমি চলে আসে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পৌর মেয়র মশিউর রহমান প্রথম আলোকে জানান, ড্রেনের নির্মাণকাজ চলায় উত্সমুখ আটকে আছে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খুব তাড়াতাড়ি তা খুলে দেওয়া হবে। তখন এই ভোগান্তি পোহাতে হবে না।