গুরুদাসপুর ভূমি কার্যালয়ে দুর্ভোগে মানুষ
চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার রিকশা-ভ্যানচালক নাছির মিয়া। তাঁর জমি নিয়ে একটি মিসকেস করেছিলেন দুই বছর আগে। কিন্তু ভূমি কার্যালয়ে গেলে তাঁরা শুধু বলেন, আজ নয়-কাল আসেন। এভাবে ঘুরতে ঘুরতেই দিন যাচ্ছে তাঁর। কাজ আর হচ্ছে না। নাছিরের মতো প্রতিদিন শত শত লোক ভোগান্তির শিকার হচ্ছে।গুরুদাসপুর ভূমি কার্যালয় সূত্র জানায়, এখানকার সহকারী কমিশনারের পদটি শূন্য রয়েছে প্রায় তিন বছর ধরে। তা ছাড়া কানুনগো, অফিস সহকারী দুজন, সার্টিফিকেট সহকারী-দুজন, প্রসেস সার্ভেয়ার দুজন, চেইনম্যান দুজনের পদ শূন্য রয়েছে। এসব পদ শূন্য থাকায় প্রায় ৪০০টি সার্টিফিকেট মামলা ঝুলে আছে বছরের পর বছর। তা ছাড়া খারিজ-খাজনা করতে এসেও মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। সেবা গ্রহণকারীরা ঘুরে যাচ্ছেন। এ ছাড়া রেকর্ড রুম না থাকায় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র যেখানে-সেখানে ফেলে রাখতে হচ্ছে। পুরোনো মূল্যবান কাগজপত্রগুলো অফিসের সিঁড়ি রুমে রাখায় বৃষ্টির পানি পড়ে তা নষ্ট হচ্ছে।ভূমি কার্যালয়ের লোকজন জানান, জনবল সংকটের কারণে অতিরিক্ত কাজগুলো নিজেদের করতে হচ্ছে। এ ছাড়া প্রধান সহকারী না থাকায় সংস্থাপন, খাসজমি, ভিপি সম্পত্তি, আবাসন প্রকল্প এবং সার্টিফিকেট শাখার যাবতীয় কাজ করতে হয়। এগুলো নির্দিষ্ট কাজের বাইরে অতিরিক্ত দায়িত্ব। এতে কোনো কাজই ঠিকভাবে সম্পাদন করা যাচ্ছে না। বর্তমানে ভূমি-সংক্রান্ত কার্যক্রম আগের চেয়ে বেড়ে যাওয়ায় এখানকার কর্মীদের অমানুষিক শ্রম দিতে হচ্ছে। ছুটির দিনেও দাপ্তরিক কাজ করতে হচ্ছে। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে। তাঁরা লোকবল নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।