নাটোরের গুরুদাসপুরে লাগাতার অনাবৃষ্টি ও বন্যার কারণে সাড়ে সাত হাজার হেক্টর জমির বোনা আমন রোদে পুড়ে মাঠেই শুকিয়ে মরে যাচ্ছে। সঙ্গে তিলে তিলে স্বপ্নভঙ্গ হচ্ছে কৃষকের। কৃষকেরা জানান, ধারদেনা, গরু বিক্রি ও গৃহিণীদের গয়না বন্ধক রেখে টাকা লগ্নি করে আবাদ করলেও প্রকৃতির নিষ্ঠুরতায় তাঁদের কপাল পুড়ছে।কৃষি বিভাগ ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর বোনা আমন ধান চাষের পর থেকেই কোনো বৃষ্টি হয়নি। হাতেগোনা কয়েকজন কৃষক সেচের মাধ্যমে কিছু জমিতে পানি দিয়ে তাঁদের আবাদ রক্ষার চেষ্টা করলেও বৈরী আবহাওয়ার কারণে মাঠের পর মাঠ ধানগাছ পানির অভাবে রোদে পুড়ে নষ্ট হয়েছে। ক্ষোভে-দুঃখে অনেক কৃষক মাঠ ছেড়ে চলে যান। এদিকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অবিরাম বৃষ্টি ও ঢলগড়া পানি নিচু জমিতে ঢুকে পড়ায় প্রাণহীন বোনা আমন ধানের গাছগুলো অনেকটা সতেজ হয়ে উঠতে শুরু করে। এতে করে কৃষক অনেকটা হাঁপ ছেড়ে বাঁচেন।গুরুদাসপুরের দক্ষিণ নারিবাড়ি গ্রামের কৃষক আলাউদ্দিন জানালেন, তিনি ১০ বিঘা জমিতে বোনা আমন করেছিলেন। শুরু থেকেই বৃষ্টি না হওয়ায় ধানের চারাগুলো রোদে পুড়ে মরে যায়। তিনি ধানের আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু সেপ্টেম্বর মাসের শুরুতে প্রায় দু্ই সপ্তাহের বৃষ্টি ও ঢলগড়া বন্যার পানিতে মরে যাওয়া ধানের চারাগুলো সতেজ হয়ে উঠছে।সিধুলী গ্রামের কৃষক হারেজ মুন্সি জানান, তিনি সাড়ে চার বিঘা জমিতে বোনা আমন করেছিলেন। পানির অভাবে চারাগুলো মরে যায়। নিরানি ও শ্রমিক খরচ বাঁচাতে প্রায় দুই বিঘা জমির ধান গরু-ছাগল দিয়ে খাইয়ে দিয়েছেন। তিনি এ দুঃখে আর খেতেই যাননি। প্রতিবেশীর কথায় মাঠে গিয়ে বুকটা ভরে উঠছে তাঁর। কারণ, রোদে পুড়ে যাওয়া ধানের গাছগুলো নতুন পানি পেয়ে আবারও সতেজ হয়ে উঠতে শুরু করেছে। বিন্নাবাড়ি গ্রামের কৃষক দুলাল উদ্দিন বলেন, ‘পাঁচ বিঘা জমিতে বোনা আমন ধানের চাষ করেছিলাম। আশা ছিল, বছরের খোরাক উঠে আসবে। কিন্তু খরায় সব শেষ হয়ে গেছে। এখন জমিতে পানি জমায় অন্তত সংসারের ছয় মাসের খোরাক (খাবার) আসতে পারে।’ ধারাবারিষা ইউনিয়নের বর্গাচাষি লোকমান হোসেন, মকছেদ ও হারুন জানালেন, তাঁদের নিজের জমিজমা নেই। হালের বলদ বিক্রি করে ও স্ত্রীর গয়না বন্ধক রেখে ওই টাকায় অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেছিলেন। খরায় ধানের গাছ মরে যাওয়ায় তাঁদের অপুরণীয় ক্ষতির মুখে পড়তে হয়েছে। কৃষি বিভাগ জানায়, এ বছর বোনা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ৬০০ হেক্টর। কিন্তু এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়ে সাত হাজার ৭০০ হেক্টর জমিতে বোনা আমন চাষ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মাঠের পর মাঠ বোনা আমন ধান রোদে পুড়ে মরে যাওয়ার উপক্রম হয়েছিল। কৃষক ও কৃষি বিভাগ বোনা আমনের আশা ছেড়েই দিয়েছিল। কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রবল বর্ষণ আর ঢলগড়া পানিতে শুকনো ধানের জমিতে পানি জমায় এখন নতুনভাবে স্বপ্ন দেখছেন কৃষকেরা।উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর বলেন, বৈরী আবহাওয়ায় ধানের গাছ মরে গেলেও পানি জমে থাকায় মৃতপ্রায় ধানের গাছ নতুনভাবে সতেজ হয়ে উঠছে। এতে করে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আর নেই। মোট লক্ষ্যমাত্রার ১০ ভাগ উৎপাদন কম হতে পারে। কৃষি বিভাগের মতে, ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৮ হাজার ৪৮০ মেট্রিক টন। তবে কৃষকেরা জানালেন, যে পরিমাণ ধান উৎপাদন হওয়ার কথা, এখন এর অর্ধেক ধান ঘরে উঠতে পারে।