গুরুদাসপুরে ইটভাটাগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ
নাটোরের গুরুদাসপুরে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে আটটি ইটভাটায় অবাধে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। এতে এলাকার বনজ সম্পদ উজাড় হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। উপজেলা প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার প্রভাবশালী গোষ্ঠীর লোকজন বছরের পর বছর ধরে ইটভাটায় পাথর কয়লার পাশাপাশি কাঠ পোড়াচ্ছে। ভাটার মালিকেরা গ্রাম পর্যায়ে এজেন্ট নিয়োগ করে নানা প্রজাতির কাঠ কেটে ও বাঁশঝাড়ের মোথা এবং খেজুরগাছ কেটে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভাটাতে নিয়ে তা জ্বালানি হিসেবে পোড়াচ্ছে, যা ১৯৮৯ সালের ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারামতে নিষিদ্ধ। অভিযোগ রয়েছে, এসব ভাটার মালিকেরা স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্তাদের ম্যানেজ করে নির্বিঘ্নে কাঠ পুড়িয়ে চলেছেন। লোকালয়ে এসব ভাটা স্থাপনের নিয়ম না থাকলেও তা মানা হচ্ছে না। ফলে ইটভাটা এলাকার আশপাশে বসবাসকারী মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ নানা ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে নানা প্রজাতির ফলের বাগানে ফল আসছে না। জমির ফসল উত্পাদনও হচ্ছে ব্যাহত।গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইটভাটার মধ্যে সাতটিই পৌরসভার চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় প্রতিষ্ঠিত। জনবসতি এলাকায় কৃষিজমি নষ্ট করে প্রভাবশালী গোষ্ঠীর লোকজন এসব ইটভাটা গড়ে তুললেও পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যাচাই-বাছাই না করেই ইটভাটা স্থাপনের অনুমোদন দিয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় প্রতিষ্ঠিত সাতটি ইটভাটাই প্রায় এক কিলোমিটার পূর্ব-পশ্চিমে লাইন ধরে স্থাপন করা হয়েছে। পৌর আওয়ামী লীগের সম্পাদক জমির মণ্ডল, আওয়ামী লীগের নেতা আ. রহিমের বড় ভাই ফরিদ মোল্লা, বিএনপির নেতা দশরত, বাদশা, টগর ও আমজাদ-মফিজের (যৌথ) মালিকানাধীন। অপর ইটভাটাটি উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে নাজিরপুরে। এটির মালিক আ. সামাদ। জনবহুল এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলো মানুষ ও পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে উঠলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট অধিদপ্তর। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এন এম মঈনুল ইসলাম বলেন, আগুন দেওয়ার অনুমতিপত্র নেওয়ার আগেই ইটভাটা মালিকেরা ভাটায় কয়লা পোড়ানোর পাশাপাশি কাঠ পোড়ানো শুরু করেছে, যা ১৯৮৯ সালের ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারামতে, লোকালয় বা বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ থাকলেও এই উপজেলার ভাটা মালিকেরা তা মানছেন না।রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের (বগুড়া) পরিচালক নাজমুল হক ফোনে প্রথম আলোকে বলেন, ‘কাঠ পোড়ানোর অভিযোগ আমাদের কাছেও রয়েছে। জনবল-সংকটের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বিলম্ব হচ্ছে।’