নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লায় বিধিবহির্ভূতভাবে গড়ে ওঠা একটি বয়লার চাতালের কালো ধোঁয়া ও ছাইয়ে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ। পবিরেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না মানুষ। অবশেষে অতিষ্ঠ মহল্লাবাসীর পক্ষে মো. জনাব আলী ফকির গত ২৪ আগস্ট নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে বয়লার-চাতালের মালিক মোছা. আলেয়া সওদাগর, তাঁর স্বামী আকরাম হোসেন ও মজিবর ফকিরকে অভিযুক্ত করা হয়।মামলার নথিসূত্রে জানা গেছে, চাতালের মালিক প্রভাব খাটিয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় বিধিবহির্ভূতভাবে একটি বয়লার-চাতাল নির্মাণ করেন।মহল্লাবাসী জানান, বয়লার থেকে নির্গত ছাই উড়ে আশপাশের বসতবাড়ির কাপড়চোপড়, থালাবাসন, আসবাবপত্র নষ্ট করছে। একই সঙ্গে গরম ছাই পড়ায় গাছের আগা মরে যাচ্ছে। তা ছাড়া যেখানে-সেখানে আগুনের ছাই ফেলে রেখেও তাঁরা ক্ষতি সাধন করছেন। সম্প্রতি ইয়াছির (৩) নামের এক শিশু বয়লারের ফেলে রাখা এ রকম ছাইয়ের আগুনে মারাত্মক দগ্ধ হয়। এ নিয়ে মহল্লার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। রাজশাহী অঞ্চলের (বগুড়া) পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জনবল-সংকট ও দূরবর্তী হওয়ায় সব অভিযোগ খতিয়ে দেখা সম্ভব হয় না। অভিযুক্ত চাতালমালিক আলেয়া সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লিখে কাজ হবে না, সব পথ ক্লিলিয়ার আছে। তবে দগ্ধ শিশুটির চিকিৎসার জন্য আট হাজার টাকা দেওয়া হয়েছে বলে তিনি স্বীকার করেন।’