গুরুদায়িত্ব নিতে যাচ্ছেন রাহুল!
রোববার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পর ক্ষমতাসীন কংগ্রেস দলে খুব বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আসছে। এই পরিবর্তনে রাহুল গান্ধী পেতে যাচ্ছেন আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। ২০১৪ সালে অনুষ্ঠেয় ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন সামনে রেখে রাহুল গান্ধীকে দলের ‘মহাসচিব’ বা ‘কার্যনির্বাহী সভাপতি’ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। কংগ্রেস দলে এই দুটো পদ আনুষ্ঠানিক হলেও রাহুল গান্ধীকে যেকোনো একটিতে বসানো হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে। রাহুল গান্ধীর এই নতুন পদমর্যাদা ভবিষ্যতে দলের শীর্ষ নেতৃত্বে তাঁর আসীন হওয়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রাহুল বর্তমানে ক্ষমতাসীন কংগ্রেসের একজন সাংসদ। উত্তর প্রদেশের আমেথি আসন থেকে নির্বাচিত রাহুল এ মুহূর্তে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে যুব সংগঠনগুলোর দায়িত্বে আছেন। কংগ্রেসের সাংগঠনিক পদমর্যাদার কাঠামোতে ‘মহাসচিব’ বা ‘কার্যনির্বাহী সভাপতি’ পদ ব্যবহারের ঘটনা বিরল। এ আগে ১৯৮০ সালে দলের মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল এইচ এন বহুগুণাকে। ১৯৮৩ সালে কমলাপতি ত্রিপাঠিকে দেওয়া হয়েছিল কার্যনির্বাহী সভাপতির পদ। তাঁরা দুজনই আনুষ্ঠানিকভাবে এই পদে থেকে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার রাহুলের ক্ষেত্রে এমনটা যে হচ্ছে না, তা বলার অপেক্ষা রাখে না। সোনিয়া গান্ধীর পর দলের শীর্ষ নেতৃত্বের লাগামটা রাহুলের হাতে তুলে দেওয়ার আয়োজন এটি।সোনিয়া গান্ধীর পর কংগ্রেসপ্রধানের পদে এই মুহূর্তে রাহুল গান্ধীকেই চিন্তা করা হচ্ছে। রাহুলকে নতুন পদমর্যাদা দেওয়ার নেপথ্য কারণ হচ্ছে, আগামী নির্বাচনে কংগ্রেস সোনিয়া গান্ধীর ছেলেকে সামনে রেখেই লড়তে চায়। এ ছাড়া দলে নতুন প্রাণপ্রবাহ সৃষ্টি করাও একটি কারণ। সম্প্রতি বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি দলের শীর্ষ নেতৃত্বকে ভাবিয়ে তুলেছে। এসব নির্বাচনের ফল খারাপ হওয়ার জন্য অনেক জায়গায় দায়ী করা হচ্ছিল রাহুল গান্ধীকেও। কারণ, উত্তর প্রদেশে দলের নির্বাচনী প্রচারাভিযান রাহুলই পরিচালনা করেছিলেন। নির্বাচন-পরবর্তী সময়ে সোনিয়া গান্ধীর উত্তরসূরি হিসেবে রাহুলের নাম বেশ দুর্বলভাবেই উচ্চারিত হচ্ছিল। তবে এ মুহূর্তে রাহুলের এই নতুন পদমর্যাদা সব জল্পনা-কল্পনার অবসান ঘটাতে যাচ্ছে বলেই ধারণা বিশ্লেষকদের।রোববার মন্ত্রিসভার রদবদলেও রাহুল গান্ধীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এত দিন এসব ব্যাপারে তাঁর অংশগ্রহণ ছিল খুবই সামান্য। কিন্তু নতুন করে দলের নীতিনির্ধারণী বিষয়ে তাঁর অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে, দলের শীর্ষ নেতৃত্বে রাহুলের আসীন হওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার। সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস এ মুহূর্তে নেতৃত্বের পরিবর্তনের ক্ষেত্রে একটু ধীরে চলার নীতি গ্রহণ করেছে। রাহুলকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়ার অর্থ যে শীর্ষ নেতৃত্বে শিগগিরই পরিবর্তন আসছে, তা হয়তো নয়। তবে এটা ঠিক, নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব রাহুল গান্ধীর জন্য এক ধরনের পরীক্ষা। কারণ, তাঁর মা সোনিয়া গান্ধী নিজেও দেখতে আগ্রহী, রাহুল দায়িত্ব কাঁধে নিয়ে এর ভার বহনে সক্ষম কি না। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।