গুলশান উত্তর কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ফরমালিনের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বাসসের। আজ শুক্রবার রাজধানীর গুলশান উত্তর কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত আদর্শ বাজার ঘোষণা ও বাজার কর্তৃপক্ষের কাছে ফরমাল ডি হাইড্রেড মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এফবিসিসিআইয়ের উদ্যোগে এবং এক্সিম ব্যাংকের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুধু আইন করে খাদ্যপণ্যে ফরমালিন মেশানো বন্ধ করা সম্ভব নয়। এ জন্য ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন হতে হবে। আন্তরিকভাবে কাজ করতে হবে ফরমালিনের অপব্যবহারের বিরুদ্ধে। খাদ্যদ্রব্য ফরমালিনমুক্ত কি না, তা নিশ্চিত হয়ে ভোক্তাদের খাদ্যপণ্য ক্রয় করতে হবে।’মন্ত্রী আরও বলেন, সরকার এবং ব্যবসায়ী সমাজ সম্মিলিতভাবে এ বিষয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছে। সরকার ইতিমধ্যে ফরমালিন আমদানি ও ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেছে। তিনি বলেন, ‘খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহার বন্ধে নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সব বাজারকে ফরমালিনমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে ঢাকার মালিবাগ কাঁচাবাজার, শান্তিনগর কাঁচাবাজার এবং মহাখালী কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে ভোক্তাদের উপস্থিতি বেড়েছে। শুধু ফরমালিনমুক্ত বাজার ঘোষণা এবং ফরমাল ডি-হাইড্রেড মেশিন সরবরাহ করলেই হবে না, এ মেশিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হবে। ভোক্তা চাইলেই ফরমালিন মেশিন ব্যবহার করতে হবে।’বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহার বন্ধে কাজ করে যাচ্ছে। দেশের প্রচলিত আইনে খাদ্যপণ্যে ফরমালিন ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। সরকারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআইসহ বিভিন্ন সংস্থা বাজার অভিযান চালিয়ে যাচ্ছে।এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতউল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এক্সিম ব্যাংকের পরিচালক নূরুল ফজল বুলবুল, গুলশান সোসাইটির সভাপতি মো. রুহুল মতিন ও গুলশান উত্তর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম।