গুলশান কার্যালয়ে খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ শনিবার বেলা তিনটা ২৫ মিনিটে সেনানিবাসের বাড়ি ছেড়েছেন। সাদা রঙের একটি জিপে করে সামনে পেছনে পুলিশ পাহারায় সেনানিবাসের বনানী গেট দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। চারটার দিকে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এ সময় নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। এখান থেকে তিনি বারিধারায় তাঁর ছোট ভাই সাঈদ এস্কান্দারের বাসায় উঠবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলাম বেলা পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। আইএসপিআরের বক্তব্য: আজ বেলা পৌনে চারটার দিকে আইএসপিআরের পরিচালক শাহীনুল ইসলাম সেনানিবাসের জাহাঙ্গীর গেটের সামনে সংবাদ ব্রিফিং করেন। তিনি বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটি ছেড়ে দিয়েছেন। সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয়ের লোকজন বাড়িটি বুঝে নিয়েছেন। দুপুর সাড়ে ১২ টায় শাহীনুল ইসলাম জানিয়েছিলেন, বাড়ি থেকে ৬১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।সকাল সোয়া নয়টার দিকে শাহীনুল ইসলাম বলেছিলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বাড়িছাড়ার সময় গতকাল শেষ হয়েছে। সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয়ের লোকজন বাড়ি বুঝে নেওয়া শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেছিলেন, খালেদা জিয়া বিরোধীদলীয় নেতা হিসেবে বাড়ি বুঝে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহায়তা করবেন।এর আগে আইএসপিআর জানিয়েছিল, ‘খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দিচ্ছেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে মালামাল স্থানান্তরের জন্য সেনা কর্তৃপক্ষ তাঁকে সহায়তা করছে।’৬১ কর্মচারী স্থানান্তর: খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িতে কর্মরত ৬১ জন কর্মচারীকে আজ বেলা সাড়ে ১১টার দিকে সরিয়ে নেওয়া হয়। তাঁদের মালপত্রও আগেই স্থানান্তর করা হয়। বাড়ির ল্যান্ডফোনের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। বিএনপির ভাষ্য: আইএসপিআরের এ বক্তব্যের বিষয়ে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, ‘আইএসপিআর বিভ্রান্তি ছড়াচ্ছে। খালেদা জিয়া বাড়িতেই আছে। বাড়ি ছাড়ার কোনো ব্যাপার নেই।’ তিনি কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে আইএসপিআরের প্রতি আহ্বান জানান। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্: সেনানিবাসের বাড়িটি ছাড়ার বিষয় নিয়ে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে দেখা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আজ সকালে তাঁরা প্রধান বিচারপতির হেয়ার রোডের বাড়িতে গিয়ে দেখা করেন।সকাল সোয়া নয়টার দিকে রফিক-উল হক, মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন প্রধান বিচারপতির বাসায় যান। নয়টা ৪০ মিনিটের দিকে খন্দকার মাহবুব হোসেন প্রধান বিচারপতির বাড়ির গেটে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদ্দোজাকে ভেতরে নেওয়ার জন্য আসেন। এ সময় তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তাঁর কথা হয়েছে। খালেদা জিয়া বলেছেন, তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ না করে বাড়ি ছাড়বেন না। সাক্ষাতের পর তাঁরা সোয়া ১০টার দিকে বের হয়ে আসেন।পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে রফিক-উল হক বলেন, ‘লিভ টু আপিল ও স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানি যতক্ষণ হচ্ছে না, ততক্ষণ খালেদা জিয়াকে ডিস্টার্ব করা হবে না। প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর আমাদের এ ধারণা জন্মেছে।’ তিনি বলেন, ২৯ নভেম্বর এ বিষয়ে শুনানি আছে। শুনানির পর সিদ্ধান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার বাড়িছাড়া-সংক্রান্ত বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। এ অবস্থায় কোনো পদক্ষেপ নেওয়া যায় না। পদক্ষেপ নিলে তা সুপ্রিম কোর্টের প্রতি অবমাননা হবে। খালেদার বাড়ির আশপাশের অবস্থা: আজ সকাল থেকেই র্যাব ও পুলিশ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ির চারপাশে অবস্থান নেয়। সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয়ের লোকজন সেখানে যান। বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বিএনপির নেতা-কর্মীরা সেনানিবাসে প্রবেশের মূল সড়কের পাশে অবস্থান নেয়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম দফায় এবং আড়াইটার দিকে দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ ও সেখান থেকে সরিয়ে দেয়।প্রসঙ্গত, গত বছরের ৮ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার নামে দেওয়া সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে ইজারার শর্ত ভঙ্গ এবং ইজারা দেওয়ার বৈধতা নেই বলে অভিযোগ করে তা বাতিলের কথা উল্লেখ করা হয়।মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়ার পর সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে ইজারা বাতিল করে বাড়িটি যথাযথ কর্তৃপক্ষের অনুকূলে ফেরত নেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়। এরপর আইন মন্ত্রণালয় থেকে ইজারা বাতিল ও বাড়ি ফেরত নেওয়ার প্রস্তাবে মতামত নেওয়া হয়। আইন মন্ত্রণালয় তাদের মতামতে জানিয়ে দেয়, যেহেতু ইজারার বৈধতা নেই এবং অবৈধ ইজারার আবার শর্ত লঙ্ঘিত হয়েছে, তাই বাড়ি ছাড়তে বেগম জিয়াকে নোটিশ দেওয়া যায়। তবে নোটিশ দেওয়ার আগে ইজারা বাতিলের পরামর্শ দেয় আইন মন্ত্রণালয়।সূত্র জানায়, এ সিদ্ধান্তের পর সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে বাড়িটি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। একই বছরের ৭ ও ২৪ মে দুই দফায় তাঁকে নোটিশ দেওয়া হয়।এরপর নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। গত ৬ জুন রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু হয়। শুনানিকালে ২৩ আগস্ট হাইকোর্ট বাড়িটির ইজারা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করেন। দীর্ঘ ২২ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট ১৩ অক্টোবর রিটটি খারিজ করে রায় দেন। রায়ে খালেদা জিয়াকে বাড়ি খালি করার জন্য কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। গতকাল সেই ৩০ দিনের সময়সীমা শেষ হয়েছে।এদিকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ৮ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। পরদিন বিষয়টি শুনানির জন্য চেম্বার বিচারপতির আদালতে আসে। ওই দিন আদালত ১০ নভেম্বর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবী শুনানি মুলতবির আরজি জানালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিনজন বিচারপতির বেঞ্চ ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।