চুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ
গুলশান ট্রেড সেন্টার নির্মাণের চুক্তি খতিয়ে দেখছে মন্ত্রণালয়
রাজধানীর গুলশানে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) জমিতে গুলশান ট্রেড সেন্টার নির্মাণের চুক্তি খতিয়ে দেখছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৪ তলা ওই ভবন নির্মাণে মেসার্স আমিন অ্যাসোসিয়েটস ওভারসিজ কোম্পানির সঙ্গে এই চুক্তি করেছে ডিসিসি। এ চুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।২০০৬ সালে ডিসিসিকে ২৭ শতাংশ ও নির্মাতা প্রতিষ্ঠানকে ৭৩ শতাংশ অংশীদারি দিয়ে চুক্তিটি হয়। পরে ২০০৯ সালে ডিসিসির অংশীদারি ৩৭ শতাংশ করে নতুন চুক্তি হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, তারা মনে করে, এমন গুরুত্বপূর্ণ স্থানে এই ভবনের কমপক্ষে ৫০ শতাংশ মালিকানা পেতে পারত ডিসিসি।গুলশান-১ নম্বরে সিটি করপোরেশন মার্কেটের সাত বিঘা জমিতে এই ট্রেড সেন্টার নির্মিত হবে। চুক্তি অনুযায়ী, ভবনের আটতলা পর্যন্ত থাকবে দোকান। নয়তলা থেকে ১৪ তলা পর্যন্ত থাকবে অফিস। মোট দুই হাজার ২৪টি দোকানের মধ্যে ডিসিসি পাবে ৭৮৬টি এবং আমিন অ্যাসোসিয়েটস পাবে এক হাজার ৩৩৮টি। নির্মাতা প্রতিষ্ঠান দোকান এককালীন বিক্রি করে তাদের বিনিয়োগসহ লভ্যাংশ তুলে নেবে।মন্ত্রণালয় সূত্র জানায়, চুক্তির ক্ষেত্রে আর্থিক ক্ষতির অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে। এর খসড়াও করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে গুলশান ট্রেড সেন্টার নির্মাণে বাজারমূল্যের অনেক কম অংশীদারি চুক্তি করেছে ডিসিসি। এ ছাড়া চুক্তির অনিয়ম চিহ্নিত করে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলতি সেপ্টেম্বর মাসেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেবে। এ ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিটি করপোরেশন স্থানীয় সরকার বিভাগের অধীন।জানতে চাইলে মেয়র সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, প্রচলিত নিয়মকানুন মেনেই চুক্তি করা হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এ নিয়ে অনেক তদন্তও হয়েছে। এখন মামলা করা হলে তা হবে তাঁকে রাজনৈতিক হয়রানির জন্য।এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানান, বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে।মন্ত্রণালয় ও ডিসিসি জানায়, গুলশানে বর্তমান সিটি করপোরেশন মার্কেট ভেঙে সেখানে পিপিপির আওতায় আধুনিক বিপণিকেন্দ্র নির্মাণের জন্য ২০০৩ সালে দরপত্র আহ্বান করে ডিসিসি। ওই দরপত্রে অংশ নেয় তিনটি প্রতিষ্ঠান। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে ওই বছরের ১৬ জুন কাজের সম্মতিপত্র দেওয়া হয়। কিন্তু ২০০৫ সালের মার্চে কাজ শুরুর আগেই প্রতিষ্ঠানটি জানায়, তারা কাজটি করবে না। পরে ডিসিসি পুনরায় দরপত্র আহ্বান না করে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মেসার্স আমিন অ্যাসোসিয়েটস ওভারসিজ কোম্পানিকে কাজটি দেয়। এ চুক্তিতে ডিসিসির মালিকানা রাখা হয় ২৭ শতাংশ এবং আমিন অ্যাসোসিয়েটসের ৭৩ শতাংশ। বিগত চারদলীয় জোট সরকারের সময় ২০০৫ সালের ২৪ মার্চ মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি দেয়। ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর ডিসিসি ও আমিন অ্যাসোসিয়েটসের মধ্যে ট্রেড সেন্টার নির্মাণের চুক্তি হয়। এরপর প্রতিষ্ঠানটি প্রাথমিক কাজ শুরু করে।কিন্তু ২০০৭ সালের শুরুতে তত্ত্বাবধায়ক সরকার কাজটি স্থগিত করে এবং চুক্তিতে ডিসিসির মালিকানা বাড়ানোর সুপারিশ করে। তবে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বর্তমান সরকার ২০০৯ সালের ৪ এপ্রিল এ কাজের জন্য আবার মূল্যায়ন কমিটির সভা ডাকে। আমিন অ্যাসোসিয়েটসের উপস্থিতিতে ওই সভায় ডিসিসির মালিকানা ২৭ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়। নতুন অংশীদারির আলোকে গত বছরের ১৫ নভেম্বর নতুন চুক্তি হয়। কিন্তু এখনো নির্মাণকাজ শুরু হয়নি।যেসব অনিয়মের অভিযোগ: মন্ত্রণালয় সূত্র জানায়, ওই চুক্তির ক্ষেত্রে একাধিক অনিয়ম চিহ্নিত করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রথমত, পুনর্দরপত্র আহ্বান না করে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে নির্মাতা প্রতিষ্ঠান মনোনীত করা। নতুন করে দরপত্র আহ্বান করলে অনেক বেশি মালিকানার প্রস্তাব পেত ডিসিসি।দ্বিতীয়ত, গুলশানের এমন গুরুত্বপূর্ণ জায়গায় সাধারণত জমির মালিকেরা ৬০ শতাংশ ও নির্মাতা প্রতিষ্ঠান ৪০ শতাংশ অংশীদারি পায়। এ ছাড়া জমির মালিকদের কাঠাপ্রতি নগদ টাকা নেওয়ারও সুযোগ থাকে। অথচ ডিসিসি কেবল ৩৭ শতাংশ মালিকানা পেয়েছে।তৃতীয়ত, চুক্তিতে জমির দাম দেখানো হয়েছে কাঠাপ্রতি এক কোটি ৩০ লাখ টাকা। অথচ এমন জায়গার কাঠাপ্রতি দাম ধরা হয় তিন থেকে চার কোটি টাকা।একাধিক সূত্র জানায়, ডিসিসি সাত বছর আগের বাজারদর বিবেচনায় নিয়ে চুক্তি করায় কমপক্ষে ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।এসব বিষয়ে জানতে চাইলে আমিন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বর্তমান সিটি করপোরেশন মার্কেটের দোকানদারদের ট্রেড সেন্টারে দোকান বুঝিয়ে দেওয়ায় নানা ঝামেলা রয়েছে। এ ঝামেলার দায়িত্ব সিটি করপোরেশন নিলে তাঁরা ৫০ শতাংশ অংশীদারিতে কাজটি করতে রাজি আছেন। বলা হচ্ছে, চুক্তিতে ডিসিসি ক্ষতিগ্রস্ত হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৫ সালে চুক্তিটি হয়েছে। এখন ছয় বছর পর এসে এসব বলে তো লাভ নেই। এত দিন ধরে কাজ শুরু করতে না পারায় তাঁদের বরং আর্থিক ক্ষতি হচ্ছে।ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ২০০৫ সালে তিনি সিটি করপোরেশনে ছিলেন না। তাই ওই সময় কেন পুনর্দরপত্র আহ্বান করা হয়নি, তা তিনি জানেন না। তিনি দাবি করেন, চুক্তিতে অনিয়ম হয়নি।