বাড্ডা থেকে গুলশান ১ নম্বরের মধ্যে সহজে চলাচলের জন্য রয়েছে গুলশান-বাড্ডা লিংক রোড। বছর কয়েক আগে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এর নাম দিয়েছে বীর উত্তম এ কে খন্দকার সড়ক। মাস দুয়েক ধরে ডিসিসির খোঁড়াখুঁড়ির কারণেই সড়কটিতে দুর্ভোগের মধ্যে পড়ছেন যাত্রী ও পথচারীরা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশের ফুটপাতে এখন খোঁড়াখুঁড়ি করা হয়েছে। তাই পথচারীদের এখন রাস্তার মাঝখান দিয়ে যানবাহনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। এই সড়কের নিয়মিত যাত্রী ও পথচারীরা অভিযোগ করেন, কাজ চলছে ধীরগতিতে। এর আগে রাস্তা খুঁড়ে বসানো হয়েছে পানি নিষ্কাশন নল। কিছুদিন হলো নলগুলো বসানো শেষ হয়েছে। কিন্তু রাস্তাটিতে এখনো পিচ ঢালাই দেওয়া হয়নি। নল বসানোর সময় প্রায় এক মাস ধরে সড়কটির একটি লেন বন্ধ করে রাখা হয়। ওই সময় সড়কটি দিয়ে বাড্ডায় যেতে পারেনি উইনার, বেঙ্গল, তরঙ্গ, বৈশাখী, দিবানিশি ও ৬ নম্বর বাস। চলাচল করতে পারেনি বন্ধু পরিবহন নামের হিউম্যান হলার।এখন সড়কের দুই লেন দিয়ে যানবাহন চলছে। কিন্তু রাস্তাটির পিচ ঢালাই না থাকায় যানবাহনে ঝাঁকুনি খেতে হচ্ছে যাত্রীদের। অপরদিকে সড়কটির লেকের অংশ দীর্ঘদিন ধরে মেরামতের ছোঁয়া না পাওয়ায় সেখানেও ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা। এদিকে গুলশান লেকপাড় থেকে মধ্য বাড্ডা মোড় পর্যন্ত বীর উত্তম এ কে খন্দকার সড়কে এখন রাজত্ব করছে ধুলাবালি। আবার ব্যস্ত সড়কটিতে সারা দিন যানবাহনের জটলা লেগে থাকে। ধুুলার দুর্ভোগের পাশাপাশি ঝুঁকির কথা জানান পথচারী আবদুল্লাহ সুমন। তিনি বলেন, ‘এখন ফুটপাত না থাকায় আমাদের রাস্তা দিয়ে চলতে হচ্ছে। পাশাপাশি যানবাহনও চলছে। এর ফলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে নিয়মিত। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাস্তা ঠিক করতে দেরি হলেও ফুটপাত তাড়াতাড়ি ঠিক করে দিলে আমাদের জন্য ভালো হয়।’বীর উত্তম এ কে খন্দকার সড়ক ও এর ফুটপাত উন্নয়নের কাজ কবে শেষ হবে জানতে চাইলে ডিসিসির অঞ্চল ৯-এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, মাসখানেকের মধ্যে সড়কটির সব কাজ শেষ হবে। আর ১৫ দিনের মধ্যে রাস্তায় একটি প্রাথমিক ঢালাই দেওয়া হবে। তখন ধুলার প্রকোপ কমবে। পানি নিষ্কাশন নালা, সড়ক ও ফুটপাত উন্নয়নের স্বার্থে এলাকাবাসীকে সাময়িক দুর্ভোগ সহ্য করার অনুরোধ করেন তিনি।