নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল শুক্রবার সকালে রাজধানীর গুলশান লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত সোমবার চার তরুণ ও তিন তরুণীকে গ্রেপ্তার করা হয়। প্রেমঘটিত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।পুলিশ জানায়, নিহত যুবকের নাম ইয়াসিন আলী (২৭)। তিনি একটি সিগারেট কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি ছিলেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।গুলশান থানার উপপরিদর্শক (বারিধারা বিট) সোহেল রানা জানান, ২৪ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় নিরাপত্তারক্ষীরা তাঁকে জানান, লেকের পানিতে কাউকে ফেলে দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে ভেজা অবস্থায় দেখা যায়নি। পার্কের নিরাপত্তাকর্মীরা এ ঘটনার জন্য ভেতরে একসঙ্গে ঘোরাফেরা করা সাতজনকে অভিযুক্ত করেন। নিরাপত্তাকর্মীদের দেখানোমতে, পুলিশ পার্কের ভেতরে ঘোরাফেরা করা ওই সাত তরুণ-তরুণীকে সন্দেহবশত গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সাতজনের বাসা গুলশানের কালাচাঁদপুর এলাকায়।উপপরিদর্শক জানান, ওই সাত যুবককে জিজ্ঞাসাবাদের পর তাঁদের দলের একজনকে পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন। কিন্তু এ ব্যাপারে তখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। এরপর ২৬ জানুয়ারি যুবকের মা আসমা বেগম সাত তরুণ-তরুণীকে আসামি করে গুলশান থানায় একটি অপহরণ মামলা করেছেন। এই সাতজন হলেন বাবু (১৮), ওমর ফারুক (১৮), সাইফুল ইসলাম (১৮), রাকিব (১৯), আইরিন আক্তার দোলা (১৯), মাহমুদা আক্তার (১৮) ও শামসুন নাহার (১৮)। পরে বুধবার দায়ের করা অপহরণ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।ওই মামলার সূত্র ধরেই গ্রেপ্তার হওয়া তরুণ-তরুণীদের বক্তব্য অনুযায়ী পুলিশ ও ফায়ার সার্ভিস গত বৃহস্পতিবার গুলশান লেকে তল্লাশি চালায়। কিন্তু ওই সময় কিছু পাওয়া যায়নি। গতকাল সকালে লাশটি ভেসে ওঠে।পুলিশ জানিয়েছে, অর্ধগলিত লাশের গায়ে কিছু স্পষ্ট ক্ষতচিহ্ন রয়েছে। গ্রেপ্তার হওয়া তরুণ-তরুণীরা জানান, গ্রেপ্তার হওয়া তরুণী আইরিনের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় ইয়াসিনের। এরপর তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। তবে কী নিয়ে বিরোধ, তা জানতে পারেনি পুলিশ। এর জের ধরেই তাঁদের সঙ্গে পার্কে ইয়াসিনের ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, ঝগড়ার একপর্যায়ে ইয়াসিনকে ফেলে দেওয়া হয়।ইয়াসিনের বাবার নাম ইজ্জত আলী, গ্রামের বাড়ি শেরপুরে। ঢাকায় ১৫৭/৪/বি, উকিলবাড়ি, কুড়িলে স্ত্রী ও তিন বছরের মেয়ে নিয়ে তিনি ভাড়া থাকতেন।