গুলশান লেকে এক বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে সবুজ ঘাস। তিনটির মধ্যে একটি হরিণ ঘাস খাচ্ছে, একটি পা দিয়ে কান খোঁচাচ্ছে আর অন্যটির কান দুটি সজাগ। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছে। তার সন্দেহ একদম ঠিক। একটু দূর থেকে একটা বাঘ তেড়ে আসছে। এসব দৃশ্য কোনো গভীর জঙ্গলের নয়, শহরের বুকেই দেখা গেল।গুলশান লেকের ওপর গুলশান-বনানী সংযোগ সেতুর পাশেই ইট-সিমেন্টে গড়ে তোলা হয়েছে এসব প্রাণীর ভাস্কর্য। এতে লেকের সবুজ পাড় হয়েছে আরও দৃষ্টিনন্দন। এ জন্যই জায়গাটি বিনোদনপিয়াসীদের কাছে প্রিয় হয়ে উঠছে।দুই পাশের সবুজের ছোঁয়া লেগেছে লেকের পানিতেও। সবুজাভ পানি ছোট ছোট ঢেউ খেলে যাচ্ছে। লেকের ওপর বনানী-গুলশান সংযোগ সেতুতে দাঁড়িয়েই পানির এ ঢেউ-ঢেউ খেলা উপভোগ করা যায়। দেখা যায়, খানিক দূরে ভাসছে নৌকা। এক বিকেলে বন্ধুদের সঙ্গে সেতুতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী রাজীব হাসান। তিনি বলেন, ‘এখানে এলে একটু খোলা হাওয়া পাওয়া যায়। যানজট, গরম আর কোলাহলের এই শহর থেকে নিজেকে আলাদা করতে সময় পেলেই এখানে এসে আড্ডায় মেতে উঠি।’সেতুর কাছে লেকের পাড়ের ভাস্কর্যগুলো এখানকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন শত শত মানুষ অবসর পেলেই ছুটে আসছে এখানে। তবে এদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। আর লেকের পাড় দিয়ে হাঁটেন বয়স্ক ব্যক্তিরা। এই লেকপাড় ধরে এগিয়ে গেলে চোখে পড়বে জারুল, কৃষ্ণচূড়াসহ নানা রকম ফুল। দেখা যায়, ছোট ছোট গাছের ডালে টুনটুনির ওড়াউড়ি। লেকের এখানটার পানিতে দুর্গন্ধ নেই। শীতল হাওয়ায় শরীরটা জুড়িয়ে নেওয়া যাবে সেতুর ওপর দাঁড়িয়ে কিংবা লেকের পাড়ে বসে। লেকপাড়ে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থী। এঁদেরই একজন লুবনা বলেন, ‘ঘরের ভেতর আর কতক্ষণ বসে থাকা যায়। এখানকার নিরিবিলি পরিবেশ আর মুক্ত হাওয়ায় নিজেকেও মুক্ত মনে হয়। তাই মাঝেমধ্যেই এখানে বসে গল্প করি, ভালো লাগে।’লেকের পাড়ে বসে দেখা যাবে সূর্য ডোবার দৃশ্যও। চোখে পড়বে লেকপাড়ে বেশ কিছু পোষা কুকুর। বিকেল হলেই পরিচারকেরা এদের নিয়ে ঘুরতে বের হয়। গুলশান অংশের ৩৫ নম্বর সড়ক ধরে মিনিট দুই হাঁটলে পাওয়া যাবে আরও একটা সেতু। এই সেতুর নিচে দেখা যায় কয়েকটা নৌকা। এক নৌকার মাঝি সোহেল মিয়া জানান, এর নাম গুলশান গুদারাঘাট। এখান থেকে লেকের অপর প্রান্তে তিনি যাত্রী পারাপার করেন দুই টাকার বিনিময়ে। আবার এমনিতেও লেকের পানিতে কেউ ঘুরতে চাইলে তারও ব্যবস্থা আছে। এ জন্য প্রতি ঘণ্টায় ২০০ টাকা নেওয়া হয়। প্রায়ই দল বেঁধে তরুণ-তরুণীরা নৌকায় উঠে ঘোরেন বলে জানান সোহেল।বনানী ও গুলশানের সংযোগ সেতুর কল্যাণে দুই এলাকার মধ্যে যোগাযোগ যেমন সহজ হয়েছে, তেমনি মনোমুগ্ধকর একটি বেড়ানোর জায়গাও তৈরি হয়েছে, যেখানে প্রতিদিন শত শত মানুষ অবসর কাটাতে, আড্ডা দিতে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে। পুরো লেককে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করে নগরের ভেতরে বেড়ানোর জায়গা বানানোর দাবি করেন কোনো কোনো দর্শনার্থী। আপনিও যেতে পারেন গুলশান লেকের সংযোগ সেতুতে। সেতুর একটা প্রান্ত পড়েছে বনানীর ১১ নম্বর সড়কে। অপরটির প্রান্ত গুলশানের ৩৫/এ, ৪১ ও ৪৩ নম্বর সড়কে।