গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ
গুলশান লেকের সীমানা নির্ধারণ করে সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য দুই মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩০ মার্চের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া লেকটিকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ৭ এপ্রিল এ বিষয়টি কার্যতালিকায় আসবে বলে জানানো হয়।আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, করাইল বস্তিসহ গুলশান লেকে থাকা অবৈধ স্থাপনা ৬০ দিনের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভূমি, পরিবেশ অধিদপ্তর, পূর্ত ও এলজিআরডি সচিব, রাজউক, ঢাকার জেলার প্রশাসক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিটিসিএলসহ সংশ্লিষ্টরা যৌথভাবে কাজটি করবেন। ১৭ জানুয়ারি ‘বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গুলশান লেক, বাঁধ দিয়ে নতুন নতুন অবৈধ স্থাপনা’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনা হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। একই সঙ্গে রাজউকের চেয়ারম্যান ও বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল ইসলামকে আদালতে হাজির হতে বলেন। সেই অনুযায়ী ধার্য তারিখে আজ দুজনেই হাইকোর্টে হাজির হন।রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা জানান, গুলশান লেকের জায়গাটির দায়িত্বে রয়েছে বিটিসিএল। বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা আবু সাঈদ জানান, গুলশান লেকের জায়গার মাত্র ৮০ একর বিটিসিএলের অধীনে রয়েছে। শুনানিকালে আদালত বলেন, ‘আমরা কাউকে অসম্মান করতে চাই না। আদালতের আদেশ ও আইন মানতে হবে। পত্রিকায় আমরা এ ধরনের এ সংবাদ দেখতে চাই না।’আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন, গুলশান সোসাইটির পক্ষে আজমালুল হোসেন কিউসি, এ বি এম সিদ্দিকুর রহমান মামলা পরিচালনা করেন। রাজউকের পক্ষে ছিলেন আইনজীবী কে এম সাইফুদ্দিন।এ বি এম সিদ্দিকুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, গুলশান সোসাইটির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে ২৪ মে হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়েছেন। এ বিষয়টি যুক্ত করে আদালত আজ আদেশ দিয়েছেন। আদেশের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুলশান সোসাইটিকে যোগাযোগ করতে বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, দখলে-দূষণে ইতিমধ্যেই বিপন্ন রাজধানীর গুলশান লেকের প্রায় পাঁচ বিঘা অংশ মূল লেক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। করাইল বস্তির কাছে গুলশান এভিনিউর পশ্চিম তীরে লেকের বুক চিরে দেওয়া হয়েছে বাঁধ। তার ওপর গড়ে তোলা হয়েছে নতুন নতুন টিনের ঘর। গত বছরের এপ্রিল-মে মাসে লেকের পশ্চিম পারে বস্তিসংলগ্ন কিছু অংশ এবং এর একটু দূরে আরেকটি স্থান ভরাট করে বাঁধ দেওয়া হয়েছে।