গুলশান লেকের অস্থায়ী স্থাপনায় রাজউকের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ মঙ্গলবার গুলশান লেক দখলমুক্ত অভিযান শুরু করেছে, তবে পাকা বা বহুতল কোনো স্থাপনা ভাঙা যায়নি। লেকের পূর্বপাড়ে শাহজাদপুর এলাকায় অবৈধভাবে স্থাপিত কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ভাঙা হয়। রাজউক কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে আজ সকাল ১১টায় অভিযান শুরু হয়। একটি বুলডোজারের সাহায্যে রাজউকের ৭০ জন শ্রমিক অভিযানে অংশ নেন। এ সময় দুই প্লাটুন পুলিশ মোতায়েন ছিল।উচ্ছেদ অভিযানে বুলডোজার ছাড়াও শ্রমিকেরা করাত ও হাতুড়ি ব্যবহার করেন। অভিযানে প্রধানত গুলশান মানারাত বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকে শাহজাদপুর এলাকায় লেকে ভরাট করে তৈরি বাঁশের ও টিনশেডের ঘর ও দোকান ভাঙা হয়। অভিযান চলে বিকেল প্রায় সাড়ে তিনটা পর্যন্ত।রাজউক শ্রমিকেরা লেকের পাড়ে অবস্থিত রিগজ ফিশারিজের কার্যালয় ভাঙতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। মালিকপক্ষ দাবি করেন, মত্স্য উন্নয়ন অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে এ কার্যালয় নির্মাণ করা হয়েছে, তবে রাজউক কর্মকর্তারা জানান, এ ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার মত্স্য অধিদপ্তরের নেই। এ নিয়ে রাজউক কর্মকর্তাদের সঙ্গে রিগজ ফিশারিজের লোকজনের কিছুটা বাকবিতণ্ডাও হয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট কার্যালয়টি ভেঙে ফেলার নির্দেশ দিলে ফিশারিজের কয়েকজন কর্মকর্তা বুলডোজার ব্যবহার না করার অনুরোধ করেন। পরে ফিশারিজ কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই ভাঙার কাজ শুরু করে।অভিযানে লেক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জাহিদ হাসান ফারুকী, নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রমুখ কর্মকর্তাও অংশ নেন।