গুলশান লেকের দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
গুলশান লেকের সরকারি সম্পত্তি দখলমুক্ত করে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।কমিটি বলেছে, গুলশান লেকের ওপর একের পর এক টিনের নতুন ঘর উঠছে প্রকাশ্যে। গণমাধ্যমে এসব খবর ছবিসহ প্রকাশিতও হচ্ছে। কিন্তু কারও যেন দেখার কিছু নেই।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির এক সভায় এ দখল বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, আবদুচ ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী ও বেগম সাফিয়া খাতুন অংশ নেন।সভায় কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী রাজধানীর গুলশান লেক দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চোখের সামনে সরকারি লেক দখল হয়ে যাবে, আর সরকারি কর্মকর্তারা বসে বসে দেখবেন, তা হতে পারে না। তিনি এ ব্যাপারে মন্ত্রণালয় ও রাজউকের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাজউক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।সভায় জানানো হয়, যেসব ব্যক্তি ঢাকা শহরে সরকারি ফ্ল্যাট ও প্লট উভয় ধরনের বরাদ্দ সুবিধা পেয়েছেন, তাঁদের যেকোনো একটি বাতিল করা হবে। তবে বরাদ্দপ্রাপ্তের চাহিদা অনুসারে এ কাজ করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়।সভায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুরের আনন্দনগর প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দ নীতিমালা, তিন কাঠা পর্যন্ত প্লটে ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনের সুপারিশ করা হয়। সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ ছাড়া সভায় আগামী বৈঠকে মন্ত্রণালয় থেকে নেওয়া কাজের একটি অগ্রাধিকার তালিকা কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।