গুলশানে কর্মচারীর ছুরিকাঘাতে হোটেল মালিকের স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এলাকায় ছুরিকাঘাতে কোরীয় এক হোটেল ব্যবসায়ীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই হোটেলের এক কর্মচারীকে আটক করেছে। গুলশান থানার পুলিশ জানায়, গুলশান-২-এর ৫১ নম্বর সড়কে আরিয়ান নামের একটি আবাসিক হোটেল চালান কোরীয় নাগরিক পার্ক জাংসাং। হোটেলটি পরিচালনার পাশাপাশি মালিক তাঁর পরিবার নিয়ে সেখানেই বসবাস করেন। গতকাল ভোরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মালিকের স্ত্রী নো জাংসিককে (৫৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।গুলশান থানার ওসি শাহ আলম প্রথম আলোকে বলেন, হোটেলের কর্মচারী মানিক সরকার ভোরে দেয়াল টপকে মালিকের স্ত্রীর কক্ষে প্রবেশ করে তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় জাংসিকের কক্ষে গৃহপরিচারিকা ও তাঁর দুই নাতি ছিল। এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের চিৎকারে মানিক পলিয়ে যায়। পরে পুলিশ গিয়ে জাংসিককে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, হোটেলের কর্মচারীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ মানিক সরকারকে তাঁর শাহজাহাদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মানিক পুলিশকে জানান, তিনি ওই হোটেলে বাসন ধোয়ামোছার কাজ করতেন। বেতন কম দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন।তবে ওসি শাহ আলম বলেছেন, মানিক একেক সময়ে একেক কথা বলছেন। কখনো বলছেন, টাকা-পয়সাসংক্রান্ত লেনদেনের সমস্যার কারণে তিনি মালিকের স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছেন। কিন্তু পরে আবার বলছেন, বেতন কম দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন।