গুলশানে কোণঠাসা রিকশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দা বাজার থেকে বনানীতে আসার জন্য রিকশায় উঠেছিলেন বনানীর বাসিন্দা মুনতাসীর আহমেদ। গুলশানের কালাচাঁদপুর সেতুতে আসতেই দায়িত্বরত পুলিশ সদস্য রিকশা আটকে দেন, ওই সেতুতে নাকি রিকশা চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। রিকশা ছেড়ে দিয়ে হেঁটে সেতু পার হন মুনতাসীর। তারপর নতুন করে রিকশা ভাড়া নেন তিনি। তবে গুলশান ৭৯ নম্বর সড়কের মাথায় আসতে আবারও রিকশা আটকে দেওয়া হয়। দায়িত্বরত পুলিশ সদস্যের দাবি, নিরাপত্তার স্বার্থে রিকশা ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এবার ৭০ নম্বর সড়কের মাথায় এসে রিকশা পেলেও আর তাতে চড়েননি মুনতাসীর। হেঁটেই গন্তব্যের দিকে এগিয়ে যান। রিকশায় না চেপে ভালোই করেছেন, যখন দেখলেন গুলশান পার্কের সামনে আবার রিকশা আটকে দেওয়া হচ্ছে।সাধারণত নগরের প্রধান প্রধান সড়কে রিকশা চলতে দেওয়া হচ্ছে না। তবে গুলশানের চিত্রটা ভিন্ন। এখানে প্রধান সড়ক তো বটেই, মহল্লার অনেক সড়কেও রিকশা চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। রিকশাচালকেরা এই আজ্ঞা পালন করায় সাধারণ অনেক যাত্রী বিপাকে পড়ছে, বিশেষ করে শিক্ষার্থী ও নারীরা চলাচলে নাকাল হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, গুলশানের বিভিন্ন সড়কে রিকশা চলাচল নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এমন কিছু সড়ক আছে, যেগুলোয় কখনো রিকশা চলতে দেওয়া হয়, আবার কখনো বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীদের বিড়ম্বনা বেড়ে যায়। রাজীব নামের এক রিকশাচালক জানালেন, বনানী থেকে আসা রিকশা বেশির ভাগ সময়ই গুলশানে ঢুকতে দেওয়া হয় না। আবার গুলশান থেকেও কোনো রিকশা সরাসরি বনানী যেতে পারে না। তাদের এদিক-সেদিক ঘুরে চলাচল করতে হয়। এতে পাঁচ মিনিটের পথ আধা ঘণ্টাও ঘুরতে হয়।ঘুরে দেখা গেছে, যারা গুলশান পার্কের আশপাশ থেকে বনানী যেতে চায়, তাদের মেজর হাফিজ সড়কের মাথায় এসে রিকশা থেকে নামতে হয়। তারপর একটু হেঁটে গিয়ে আবার বনানীগামী রিকশায় উঠতে হয়। তাতেও যে ল্যাঠা চুকে যাবে তা নয়। কেননা, এখান থেকে বনানী যাওয়ার সহজ পথ ১৮ নম্বর সড়কটিতে প্রায়ই রিকশা ঢুকতে দেওয়া হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পথচারী বলেন, ‘এই সড়কের পাশে কোনো একজন ভিভিআইপি থাকেন, তাই নাকি মাঝেমধ্যে রিকশা ঢুকতে দেওয়া হয় না। এখানে যে খুব গাড়ির ভিড় থাকে, তাও না।’ এই সড়কে রিকশা বন্ধ থাকলে যাত্রীদের অনেকটা পথ ঘুরে চলতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি অতিরিক্ত ৭ থেকে ১০ টাকা বেশি খরচ করতে হয়।একাধিক রিকশাচালক জানান, গুলশানের ৬৩ নম্বর সড়ক, ৭৪ নম্বর সড়ক ও বনানীর ২৭ নম্বর সড়কে কখন রিকশা চলে, আর কখন চলে না, তার কোনো ঠিক নেই। আবার কোনো কোনো সড়কে রিকশা কেবল যাত্রী থাকলে তবেই ঢুকতে দেওয়া হয়।গুলশান ইউনাইটেডের মোড় থেকে পাকিস্তান দূতাবাসের পেছন দিয়ে যে সড়কটি গুলশান এভিনিউ রোডে মিশেছে, সেটিতেও রিকশা চলতে দেওয়া হচ্ছে না। অথচ গুলশান এভিনিউ রোডে ওঠার এটাই একমাত্র সহজ পথ। এদিকে বনানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনে দেখা গেছে, গুলশানমুখী অনেক যাত্রী রিকশা পায় না। এ বিষয়ে একাধিক রিকশাচালক জানান, তাঁরা জানেন না কোন রাস্তা এখন খোলা আছে, আর কোনটি খোলা নেই। এমন অঘোষিতভাবে রাস্তা বন্ধ করে দেওয়াটা অনেকেই ভালো মনে করছেন না।বনানীর বাসিন্দা জয় প্রকাশকে প্রায়ই গুলশানের ভেতর দিয়ে নর্দা বাজারে যেতে হয়। তিনি আক্ষেপ করে বলেন, ‘এমন তো নয় যে গুলশানের গলিগুলো নগরের ব্যস্ত মহাসড়ক। মহল্লার রাস্তায় রিকশা চললে ক্ষতি কী?’গুলশান ৭০ নম্বর সড়কের শুরুতে কথা হয় আদিব নামে একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে। রিকশা বন্ধের সিদ্ধান্ত ছিনতাই কমাতে নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। আরেক স্থানীয় বাসিন্দা গাজী মুমিন বলেন, ‘যদিও সড়ক বন্ধ রাখার ব্যাপারটি নিয়মিত নয়, তার পরও আমাদের অসুবিধায় পড়তে হয়। যেখানে ঢাকা শহরে পুলিশের সংখ্যা কম, সেখানে এভাবে রিকশা বন্ধ রাখতে প্রতি সড়কের মাথায় একজন করে পুলিশ দাঁড় করিয়ে রাখা কতটা যুক্তিসংগত?’গুলশান-বনানী এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রিত কেন, জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এই এলাকায় বিদেশিরা রাতে রিকশায় ঘোরেন। এতে তাঁরা মাঝে মাঝে ছিনতাইয়ের কবলে পড়েন। তাই ছিনতাই বন্ধ করতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সড়কে যানজট যেন না লাগে, সেটিও একটি কারণ।’কিন্তু মহল্লার যেসব সড়কে রিকশা বন্ধ রাখা হয়, সেগুলোয় তো প্রাইভেট কার ছাড়া কিছুই চলে না—এ বিষয়ে তাঁর ভাষ্য, ‘ডিএমপির ঊর্ধ্বতন পর্যায়ের সিদ্ধান্তে আমাদের রিকশা চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করতে হয়।’বিকল্প বাহন স্কুলভ্যানদিন কয়েক আগের ঘটনা। বনানীর কাকলী মোড়ের দিকে কতগুলো মানুষ হুড়মুড় করে একটা স্কুলভ্যানে উঠছে। স্কুলভ্যানে বয়স্করা উঠছে কেন? একটু পরে আরও একটি স্কুলভ্যান এসে একইভাবে যাত্রী পরিবহন করছে। এভাবে একের পর এক স্কুলভ্যান আসছে আর যাত্রী বোঝাই করে চলে যাচ্ছে। স্কুলভ্যানের এক চালক মহিউদ্দীন মিয়ার সঙ্গে কথা বলে জানা গেল, কাকলী মোড় থেকে গুলশান-২ যাওয়ার রাস্তায় রিকশা চলাচল বন্ধ। তাই মানুষের যাওয়া-আসার অসুবিধা দেখে তাঁরা বেশ কয়েকজন স্কুলভ্যানচালক শিক্ষার্থীদের স্কুলে নামিয়ে দিয়ে এসে ফাঁকা সময় এই রাস্তায় যাত্রী পরিবহন করছেন। ট্রাফিক পুলিশ কিছু বলে না?—জানতে চাইলে তিনি বলেন, ‘কী কইব? এই রাস্তায় রিকশা বন্ধ, স্কুলভ্যান তো আর বন্ধ না।’স্কুলভ্যানে উঠতে গিয়ে ধাক্কাধাক্কিতে হেরে গিয়ে হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন সর্দার আহম্মেদ আলী। তিনি বলেন, ‘অভিজাত এলাকাগুলোর অনেক রাস্তায় রিকশা চলাচল বন্ধ। আমাদের মতো মধ্যবিত্তরা অফিস করে ক্লান্ত শরীরে হেঁটেও যেতে পারি না। আবার রিকশাও নেই। যেসব টেম্পো আছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আমাদের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা না রেখে রিকশা বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।’—ঢাকায় থাকি প্রতিবেদক