গুলশানে গণপিটুনিতে আহত ছিনতাইকারীর মৃত্যু, পরিচয় মেলেনি
রাজধানীর গুলশানে গণপিটুনিতে আহত ছিনতাইকারী (২৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল মর্গে তাঁর লাশ রয়েছে। লাশ নিতে কেউ মর্গে না আসায় তাঁর পরিচয়ও জানা যায়নি।পুলিশের ধারণা, নিহত যুবক ভালো পরিবারের সন্তান। লোকলজ্জায় পরিবারের সদস্যরা হয়তো লাশ নিতে আসছেন না।গত সোমবার রাতে গুলশানে ছিনতাই শেষে এক তরুণীকেও গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়ি থেকে তিন ছিনতাইকারী পালিয়ে গেলেও ওই যুবককে ধরে পিটুনি দেয় জনতা। ওই গাড়ি থেকে তিনটি গুলি ও ম্যাগাজিনসহ একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি চাপাতি, তিনটি ছুরি, ১০টি মোবাইল ফোনসেট ও কয়েকটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। আহত ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ জানায়, ছিনতাইয়ে ব্যবহূত ওই গাড়িটিও ছিনতাই করা। গাড়িটির মালিক বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার তানভীর হাসান। গত আগস্ট মাসে গাড়িটি ছিনতাই হয়। তিনি এ বিষয়ে গুলশান থানায় মামলাও করেছিলেন।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দীন জানান, সোমবার রাতের ঘটনায় অস্ত্র আইনে একটি এবং একটি হত্যা মামলা হয়েছে। ছিনতাইয়ের শিকার হওয়া কেউ থানায় এসে অভিযোগ করেননি। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর কাছে পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি।অভিজাত গুলশান এলাকায় দামি গাড়ি নিয়ে ছিনতাই বেড়ে যাওয়ায় গত ২৪ জুন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাইয়াং চো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দেন। চিঠিতে তিনি বনানী বাজারে ৭ ও ১৯ জুন তিন কোরীয় নাগরিকের ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানান।কূটনৈতিক মিশনগুলোর সংস্থা ইউএনডিএসএসের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় মাসে গুলশান ও বনানীতে ২৩টি ছিনতাই ও দস্যুতা হয়েছে।১৮ আগস্ট গুলশানে ছিনতাইয়ের সময় সাংসদের দেহরক্ষী পুলিশ কনস্টেবলের গুলিতে এক ছিনতাইকারী নিহত হন। ছিনতাইকারীদের গুলিতে সাংসদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ১৯ সেপ্টেম্বর ছিনতাইকারীদের গুলিতে আহত হন চ্যান্সেরি পুলিশের এক কনস্টেবল।প্রথম আলোর কর্মীর মোটরসাইকেল ছিনতাই: সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে আগারগাঁও এলাকায় পুলিশের মতো তল্লাশির নাম করে প্রথম আলোর এক কর্মীর মোটরসাইকেলসহ সব কিছু ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার শিকার প্রথম আলোর সিনিয়র অফিস সহকারী একরামুল হক জানান, সোমবার রাত সোয়া একটার দিকে কাজ শেষে তিনি কারওয়ান বাজারের প্রথম আলোর কার্যালয় থেকে মিরপুরের পীরেরবাগের বাসার উদ্দেশে রওনা দেন। আগারগাঁও মোড়ের আগে পৌঁছালে থেমে থাকা একটি গাড়ির পাশ থেকে সাধারণ পোশাক পরা দুজন তাঁকে বাঁশি বাজিয়ে ও লাঠি উঁচিয়ে থামার সংকেত দেন। ওই গাড়িতে ছিল চালকসহ তিনজন। কারও গায়ে পুলিশের পোশাক না থাকায় তিনি না থেমে মোটরসাইকেল চালাতে থাকেন। দুর্বৃত্তরাও গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে। একপর্যায়ে আবহাওয়া অফিসের পাশে গাড়ি দিয়ে পথরোধ করে দুর্বৃত্তরা তাঁর ব্যবহূত অফিসের হিরো হোন্ডা স্প্লিন্ডার মোটরসাইকেল (ঢাকা-মেট্রো-হ-২৯-১৬৮২), দুটি মোবাইল ফোনসেট, প্রায় আট হাজার টাকা, পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, বিভিন্ন পণ্যসামগ্রী ও মোটরসাইকেলের কাগজের ফটোকপি নিয়ে নেয়। দুজন মোটরসাইকেল নিয়ে পালায়। বাকিরা অস্ত্রের মুখে তাঁকে গাড়িতে উঠিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় নামিয়ে দেয়।এ বিষয়ে একরামুল বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন।