গুলশানে ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত বেশ কিছু নেতা-কর্মী সংগঠনের সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিপক্ষে স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত। ওই নেতা-কর্মীরা ‘নরসিংদীর কমিটি মানি না, মানব না’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় পদ পাওয়া কয়েকজন নেতা তাঁদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে চেয়ারপারসনের কার্যালয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।ঘটনার সময় খালেদা জিয়া তাঁর কার্যালয়ে ছিলেন না। ১০টি মুসলিম দেশের কূটনীতিকরা সে সময় খালেদার সঙ্গে দেখা করতে আসছিলেন। পরে রাত পৌনে নয়টার দিকে ওই বৈঠক শুরু হয়।