গুলশানে জোড়া খুন: দুই আসামির জামিন বাতিল
গুলশানে জোড়া খুনের ঘটনায় আসামি মিথুন ও রুবেলের জামিন আজ হাইকোর্ট বাতিল করেছেন। একই সঙ্গে ওই দুই আসামির গ্রেপ্তার নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-কে নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া ঢাকার মুখ্য মহানগর হাকিম ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-কে সংশ্লিষ্ট জালিয়াতি তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এ ছাড়া দুই আসামিপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম ও মনির হোসেনকে মিথ্যা এফআইআর সম্পর্কে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।জানা যায়, গত বছরের ২৪ মার্চ গুলশানে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় এ বছরের ২৩ জানুয়ারি মিথুন ও রুবেল হাইকোর্ট থেকে জামিন পান এবং আসামিরা বাদীপক্ষকে হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে আনেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবুদল হাকিম আজ এ আদেশ দেন।উল্লেখ্য, মেয়েকে তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় ২০১০ সালের ২৪ মার্চ রাজধানীর গুলশানে এক দম্পতিকে প্রাণ দিতে হয়। তাঁরা হলেন গুলশানের কালাচাঁদপুরের সাদিকুর রহমান (৬০) ও রুমানা নার্গিস (৫০)।