গুলশানে জোড়া খুনের মামলার আসামি গ্রেপ্তার
গুলশানে বাসায় ঢুকে গুলি করে ব্যবসায়ী দম্পতি হত্যা মামলার সন্দেহভাজন এক আসামিকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে র্যাব। তবে মূল ঘাতক হিসেবে অভিযুক্ত রুবেল ও মিথুন এখনো পলাতক রয়েছে। গত বুধবার সকালে বখাটেদের গুলিতে গুলশানের কালাচাঁদপুরে নিহত হন নার্সারি ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিস।গতকাল সকাল নয়টায় টঙ্গী এলাকা থেকে মামলার আসামি দেলোয়ার হোসেন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-১-এর একটি দল। র্যাব কর্মকর্তাদের দাবি, দেলোয়ার ঘটনার পরিকল্পনার সঙ্গে জড়িত। ঘটনার আগের রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তারা বৈঠকও করেছে। তবে তারা খুনের পরিকল্পনা করেছিল কি না, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি র্যাব কর্মকর্তারা। র্যাব কর্মকর্তারা জানান, ঘটনার আগে ও পরে দেলোয়ারের মোবাইলে ফোন করেছিল রুবেল ও মিথুন। মামলার এজাহারেও দেলোয়ার হোসেনের নাম রয়েছে।এদিকে পুলিশ দাবি করেছে, নিহত সাদেক হোসেনের মেয়েরা বখাটেদের হাত থেকে বাঁচতে থানায় যে জিডি করেছিলেন বলে দাবি করেছেন, তা সঠিক নয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘তাঁরা কোনো জিডি করেননি। তাঁরা যে সময় জিডি করেছিলেন বলে দাবি করেছেন, আমরা সেই সময়ের জিডিগুলো খুঁজে এ রকম কোনো জিডি পাইনি।’ কোনো জিডি করা হয়ে থাকলে বখাটেদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো বলে দাবি করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।সাদেকুর রহমানের ছেলে শিহাবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বখাটেরা যখন ছোট বোনকে উত্ত্যক্ত করছিল তখন গুলশান থানায় একটি জিডি করা হয়েছিল বলেই আমি জানি। সেই সময়ে জিডি করলে নিশ্চয় বাবাই করেছেন। তিনি তো এখন নেই।’