গুলশানে দম্পতি খুন : ৩ আসামি দুই দিনের রিমান্ডে
গুলশানে বখাটেদের গুলিতে নার্সারি ব্যবসায়ী দম্পতি হত্যা মামলার তিন আসামি রুবেল, মিথুন ও রাব্বিকে আজ সোমবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ডিবি পুলিশ এই তিনজনকে আজ মহানগর হাকিম রোকসানা বেগমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। পরে আদালত দুই দিন মঞ্জুর করেন।গতকাল রোববার ভোরে ঢাকা ডিবি পুলিশ ঝালকাঠি সদর উপজেলার গাবখান থেকে এই তিন আসামিকে গ্রেপ্তার করে।গতকাল ডিবি কার্যালয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে রুবেল, মিথুন ও রাব্বিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। রুবেল ওই দম্পতিকে গুলি করে হত্যার কথা অকপটে স্বীকার করেন। তিনি ঘটনার বিশদ বর্ণনাও দেন।মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক সংবাদ সম্মেলনে বলেন, ২৪ মার্চ ব্যবসায়ী দম্পতিকে গুলি করে বন্ধু মিথুনকে নিয়ে পালিয়ে যান রুবেল। এ ব্যাপারে গুলশান থানায় মামলা করা হলে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও তদন্ত শুরু করে।ডিবির উপকমিশনার মাহবুবুর রহমানের নির্দেশে ও অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলামের তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে এবং মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল ভোর সাড়ে চারটায় ঝালকাঠির গাবখানে রুবেলের ভগ্নিপতির বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকেই রুবেল ও মিথুনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হত্যায় সরাসরি জড়িত বলে স্বীকার করেন। খুনিদের আশ্রয় দেওয়ার অভিযোগে রুবেলের ভগ্নিপতি রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।রুবেল দাবি করেন, সাদেকুর রহমানের ছোট মেয়ের সঙ্গে আড়াই বছর তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগের রাতে ওই বাসায় গিয়ে জানালা দিয়ে তিনি দেখেন, মেয়েটি ইন্টারনেটে অন্য যুবকের সঙ্গে চ্যাট (আলাপ) করছে।এর আগে গতকাল এ মামলায় সন্দেহভাজন আরেক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র্যাব।গত বুধবার সকালে রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে বাড়িতে ঢুকে অস্ত্রধারী রুবেল ও মিথুন নার্সারি ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে গুলি করে হত্যা করে। ওই দিনই নিহত ব্যক্তিদের আত্মীয় আবুল হোসেন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।