গুলশানে দম্পতি খুনের মামলার দুজনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে নার্সারি ব্যবসায়ী সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মহিউদ্দিন ওরফে রাব্বি নামের এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন—মো. রুবেল ও মিথুন চন্দ্র চন্দ। মামলার কাগজ জালিয়াতি করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বর্তমানে তারা পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র সরবরাহ ও সহযোগিতার দায়ে আলতাফকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।আজ আদালতের রায় ঘোষণার আগে কারাগারে আটক আসামি মহিউদ্দিন ওরফে রাব্বি ও আলতাফ হোসেন ওরফে আলতুকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, মেয়েকে তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ২৪ মার্চ রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে ব্যবসায়ী সাদিকুর রহমান (৬০) ও রুমানা নার্গিস দম্পতিকে প্রাণ দিতে হয়। ওই দিনই গুলশান থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করে মো. রুবেল, মিথুন চন্দ্র চন্দ, আলতাফ হোসেন ও মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় ২৪ জনকে সাক্ষী করা হয়। এর মধ্যে আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এ খুনের ঘটনায় আসামি মিথুন ও রুবেলের জামিন জালিয়াতির অভিযোগে করা মামলাটি গত ২৬ মে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনারকে আগামী ১৪ জুলাই এর মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ২৩ জানুয়ারি এ দুই আসামির হাইকোর্ট থেকে জামিন পান। আসামিদের জামিন আবেদনে অসংগতি ও জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আনলে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের জামিন বাতিল করেন। এরপর থেকে মিথুন ও রুবেল পলাতক রয়েছেন।