গুলশানে নিখোঁজের চার দিন পর যুবকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৭
নিখোঁজ হওয়ার চার দিন পর আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশান-বারিধারা লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ইয়াসিন আলী (২৭)। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। গুলশান থানার পুলিশ সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।গুলশান থানার পুলিশ জানায়, নিহত ইয়াসিনের বাড়ি শেরপুরে। তিনি স্ত্রী ও চার বছরের এক সন্তান নিয়ে ঢাকার বিশ্বরোড এলাকায় থাকতেন।গুলশান থানা সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি থেকে ইয়াসিন আলী নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ইয়াসিনের মা ২৬ জানুয়ারি গুলশান থানায় অপহরণ মামলা করেন।অপহরণ মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ইয়াসিন গুলশানের কালাচাঁদপুরের এক মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। ২৪ জানুয়ারি ওই মেয়ে ইয়াসিনকে গুলশান লেক এলাকায় আসতে বলে। এর পর থেকেই ইয়াসিন নিখোঁজ। পুলিশ ওই দিনই ওই এলাকা থেকে বাবু (১৮), ওমর ফারুক (১৮), সাইফুল ইসলাম (১৮), রাকিব (১৯), আইরিন আক্তার দোলা (১৯), মাহমুদা আক্তার (১৮) ও শামসুন নাহারকে (১৮) ৫৪ ধারায় আটক করে। আজ লাশ উদ্ধারের পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কেউ কেউ জানান, ২৪ জানুয়ারি ইয়াসিন গুলশান লেক এলাকায় এলে তাঁকে মারপিট করে লেকের পানিতে ফেলে দেওয়া হয়। তবে তাঁদের কারও কারও ভাষ্য, ইয়াসিন মারের হাত থেকে নিজেকে বাঁচাতে লেকের পানিতে ঝাঁপ দেন।গুলশান থানার পুলিশ জানায়, তারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ভাষ্য খতিয়ে দেখছে।