গুলশানে নিজ বাড়ির শয়নকক্ষে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান আবাসিক এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষে খুন হয়েছেন ব্যবসায়ী ফজলুল হক (৭২)। গতকাল রোববার পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির তিন নিরাপত্তাকর্মীসহ আটজনকে আটক করেছে।পুলিশ জানায়, গুলশান ২ নম্বরের ৫১ নম্বর সড়কের ৮ নম্বরে নিজের ডুপ্লেক্স বাড়ির দোতলায় একটি কক্ষে একা থাকতেন ফজলুল হক। গত শনিবার রাত ১০টার দিকে নিজের কক্ষে ঘুমাতে যান তিনি। এরপর গতকাল সকাল নয়টার দিকে তাঁর স্ত্রী শামসুন্নাহার দরজার (বাইরে থেকে খোলা যায়) তালা খুলে তাঁকে নিজের বিছানায় মৃত ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকেন। এরপর তাঁর একমাত্র ছেলে আজহারুল হক গুলশান থানায় ফোন করে খবর দেন।পুলিশ জানায়, ফজলুল হকের ডান কানের নিচ বরাবর গলায় আধা ইঞ্চি ব্যাসার্ধের একটি ক্ষতচিহ্ন রয়েছে। স্ক্রু ড্রাইভার জাতীয় সুচালো কোনো কিছু দিয়ে এ ধরনের ক্ষত করা সম্ভব বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। তাঁর বাসার সামনে পার্ক করে রাখা একটি গাড়ির ছাদে রক্ত ও পায়ের ছাপ পাওয়া গেছে।নিহতের মেয়ে হাসিনা জাকের বলেন, তাঁর বাবা ফজলুল হক রং .তৈরির কাঁচামাল আমদানি করতেন। পুরান ঢাকার ইমামগঞ্জে হক পেইন্ট এজেন্সি নামে তাঁদের প্রতিষ্ঠান রয়েছে। তবে বয়স হয়ে যাওয়ায় ছেলে আজহারুলই পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।নিহতের জামাতা এম এ জাকের বলেন, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাই তিনি শীতাতপনিয়ন্ত্রিত ঘরে থাকতেন না। দোতলার একটি কক্ষে একাই থাকতেন। জানতে চাইলে তিনি বলেন, ‘খুনের বিষয়ে পরিবার কাউকে সন্দেহ করতে পারছে না। তবে তাঁর নিশ্চয়ই কোনো শত্রু ছিল। না হলে এ ঘটনা কেন ঘটবে।’পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার পর বিকেল সাড়ে চারটার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, ওই বাড়ির সীমানাদেয়াল অনেক উঁচু। বাড়ি পাহারা দেওয়ার জন্য তিনজন নিরাপত্তাকর্মী রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিন নিরাপত্তাকর্মী, দুজন গাড়িচালক ও তিনজন গৃহকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর বলেন, ওই বাড়িতে নিহত ব্যবসায়ী ও তাঁর ছেলে পরিবার নিয়ে থাকতেন। পুলিশ তদন্ত করছে। বাড়ির গৃহকর্মীসহ আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।র‌্যাব-১-এর উপ-অধিনায়ক মোস্তাক আহমেদ বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়, তাঁর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল। বিষয়টি তদন্তে নেমেছে র‌্যাবও।পুলিশ জানায়, হত্যাকাণ্ডে কী ধরনের অস্ত্র ব্যবহূত হয়েছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কি না, চেতনানাশক বা বিষজাতীয় পদার্থ খাওয়ানো বা প্রয়োগ করা হয়েছিল কি না ইত্যাদি তথ্য ময়নাতদন্তকারী কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।