গুলশানে পাইলিংয়ের সময় ধসে পড়েছে পার্শ্ববর্তী দেয়াল
রাজধানীর গুলশান ২ নম্বরে আজ শনিবার পাইলিং করার সময় পার্শ্ববর্তী একটি সীমানা-দেয়াল ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুলশান ২ নম্বরে ওয়ান্ডারল্যান্ডের পাশে ১০১ নম্বর রোডের ৬ নম্বর প্লটে বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ করছিল ডম ইনো নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান। এ জন্য ১৫-২০ ফুট গভীর পর্যন্ত মাটিকাটা হয়। আজ বেলা ১১টার দিকে পাইলিং করার সময় এক পাশের সীমানা-দেয়াল ধসে পড়ে।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গুলশান এলাকায় অথোরাইজ কর্মকর্তা-৪ শফিকুর রহমানসহ কয়েকজন ঘটনাস্থলে যান। শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত আশপাশের ভবনের দেয়াল বা রাস্তায় ফাটল দেখা দেয়নি। একপ্রান্তে সীমানা-দেয়াল থাকলেও আশপাশের ভবন ও দেয়ালের জন্য নিরাপত্তা-বেষ্টনী পর্যাপ্ত নেই। তিনি গর্তটি ভরাট করার ব্যবস্থা করতে ডম ইনোকে বলেছেন। তা না হলে পার্শ্ববর্তী ভবনে ফাটলসহ যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।