গুলশানে পানির অভাব
ঘড়িতে তখন রাত দুইটা। মাসুম চেয়ারে বসে ঝিমোচ্ছেন। হাতে ৫০০ টাকার একটি নোট। ঢাকা ওয়াসার পানির গাড়ির জন্য অপেক্ষা করছেন। এভাবে সারা রাত পার হয়ে যায়, তবু গাড়ির দেখা মেলে না। মাসুম গুলশান আবাসিক এলাকার ১১৬ নম্বর সড়কের একটি বাড়ির তত্ত্বাবধায়ক। ওয়াসার নল থেকে এই বাড়ির কলে পানি আসছে না। তাই পানি কিনেই তাঁদের প্রয়োজন মেটাতে হচ্ছে।গুলশান আবাসিক এলাকার ১১৬, ১১৮, ১১৯, ১২০, ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৫ ও ১২৬ নম্বর সড়কের সব বাড়িতেই রয়েছে পানির সংকট। এ ছাড়া গুলশান এভিনিউয়ের বেশির ভাগ বাণিজ্যিক ভবনেই পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অভিজাত এই এলাকায় তাই ঢাকা ওয়াসা গাড়িতে করে পানি সরবরাহ করছে। কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। গাড়ির পানি পেতে ঝামেলা পোহাতে হচ্ছে স্থানীয় গ্রাহকদের।এ বিষয়ে গুলশান আবাসিক এলাকার ১১৬ নম্বর সড়কের বাসিন্দা মোশাররফ হোসেন জানান, এক গাড়ি পানির প্রকৃত দাম ৪০০ টাকা। কিন্তু এই টাকায় কখনোই তা পাওয়া সম্ভব নয়। পানির জন্য সব সময় ১০০-২০০ টাকা বাড়তি দিতে হয়।স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গাড়ির পানি পাওয়ার জন্য আগেই সিরিয়াল দিতে হয়। সিরিয়াল দিতে হলে টেলিফোন করতে হয় অথবা মডস জোন-৫-এ গিয়ে সিরিয়াল লেখাতে হয়। তবে প্রায়ই সিরিয়াল লঙ্ঘন করে পানি দিতে দেখা যায়। আবার নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুম) টেলিফোন করলে অনেক সময় কেউ ধরে না। ফলে টেলিফোনে সিরিয়াল দেওয়া সম্ভব হয় না। সেখানে গিয়ে সিরিয়াল দিতে চাইলেও দায়িত্বরত ব্যক্তি কথা বলতে চান না। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মহসিন আহমেদ জানান, তিন দিন আগে সিরিয়াল দিয়েও তিনি পানি পাননি। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করে তাঁর সমস্যার কথা জানিয়েছেন। তখন তিনি তাড়াতাড়ি পানি পাওয়ার বিষয়টি আশ্বস্ত করেন।একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, ঢাকা ওয়াসার মডস জোন-৫-এ তাঁদের সরবরাহ নলে পানি না থাকার কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘ছোট একটা সমস্যার কারণে পানি যাচ্ছে না।’ তিন-চার মাস ধরে পানি নেই। তবু তাঁরা ছোট সমস্যা বলছেন। তবে তা সমাধান করছেন না কেন? এমন প্রশ্ন অনেকের মনে।এ বিষয়ে ১২৩ নম্বর সড়কের একটি ভবনের তত্ত্বাবধায়ক আবদুল বারেক জানান, তাঁদের বাড়ির পানির লাইন দিয়ে পানি আসে সামান্য, যা চাহিদার তুলনায় খুবই কম। এই পানি দিয়ে তাঁদের বাড়ির ১৫টি অ্যাপার্টমেন্টের চাহিদা মেটানো সম্ভব হয় নয়। তাই তাঁরা পানি কেনেন। ছয়-সাত গাড়ি পানি কিনলে ১০-১২ দিন চলে। তবে তাঁর প্রশ্ন, এভাবে পানি কিনে কত দিন চলা সম্ভব?এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার মডস জোন-৫-এর নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াসেফের মুঠোফোন ধরেন অভিযোগকেন্দ্রের একজন কর্মী। তিনি বলেন, সংশ্লিষ্ট সড়কগুলোর পানি-সংকট বিষয়ে আগে খোঁজ নেওয়া হবে। পরে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। গুলশানের পানি-সংকট বিষয়ে অভিযোগ নম্বর: ৯৮৯৯৩৩৮, ৯৮৯৯৩৪০ (মডস জোন-৫, ঢাকা ওয়াসা)।