গুলশানে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে আজ শনিবার ভোররাতে পুলিশের গুলিতে আকতার হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। পুলিশের দাবি, আহত যুবক ছিনতাইকারী।পুলিশ জানায়, এক পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় তিনি পুলিশের গুলিতে আহত হন। পুলিশ আহত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আকতারের কাছ থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে গুলশান থানা-পুলিশ গুলশান-২-এর ৩৪ নম্বর সড়কে নিরাপত্তা চৌকিতে (চেকপোস্ট) তল্লাশি করছিল। চৌকির কাছে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি অস্ত্র ঠেকিয়ে এক পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করছিল। ওই পথচারী চিত্কার দিলে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা চেকপোস্ট সামনে দেখে পালিয়ে যাচ্ছিল। এ সময় কর্তব্যরত এসআই ওবাইদুল হক মোটরসাইকেল থামাতে সংকেত দেন। ছিনতাইকারীরা মোটরসাইকেল না থামিয়ে ওবাইদুলের গায়ে তুলে দেয়। এ সময় পুলিশ গুলি চালালে আকতারের হাতে ও পায়ে গুলি লাগে। তবে অন্যরা পালিয়ে যায়।