গুলশানে পৌনে ৭ একর জমি উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অধিগ্রহণ করা গুলশানের পৌনে সাত একর জমির একাধিক দাবিদারের হদিস পাওয়া গেছে। আরও অন্তত দুজন নারী নিজেদের জমির আদি মালিক ফজলুল করিমের স্ত্রী বলে দাবি করছেন। তাঁরা হলেন ছিদ্দিয়া বেগম ও কুলসুম বিবি। এর আগে নাজমা বেগম নিজেকে ফজলুল করিমের স্ত্রী দাবি করে জাল দলিলের মাধ্যমে ২৯৪ কোটি টাকায় জমিটি পপুলার লাইফ ইনস্যুরেন্সের কাছে বিক্রি করেন। তবে জানা গেছে, নাজমা বেগম ফজলুল করিমের স্ত্রী নন। ফজলুল করিমের সঙ্গে বিয়েসংক্রান্ত তাঁর কাবিননামাটি জাল। নাজমা বেগম গত বছরের ২ সেপ্টেম্বর ফজলুল করিমের স্ত্রী সেজে পপুলার লাইফ ইনস্যুরেন্সের কাছে গুলশানের কড়াইল মৌজার ৫০১, ৫০২ ও ৫০৩ নম্বর দাগের ৬ দশমিক ৬৭ একর জমি বিক্রি করেন। গুলশানের সাব-রেজিস্ট্রার হেলালউদ্দিন বিধিবহির্ভূতভাবে দলিল নিবন্ধনের কাজ করেন। সম্প্রতি ভূমি জরিপ অধিদপ্তর থেকে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৫৭ সালে বিটিসিএল-এর অনুকূলে অধিগ্রহণ করা পৌনে সাত একর জমি ভুলক্রমে এর আদি মালিক আবদুল করিমের ছেলে ফজলুল করিমের নামে রেকর্ড করা হয়। প্রতিবেদনে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। নাজমা বেগম যে জাল কাবিননামা জমা দিয়েছেন, তাতে উল্লেখ আছে, ফজলুল করিমের সঙ্গে তাঁর বিয়ে হয় ১৯৮২ সালের ২৫ জানুয়ারি। বিয়ে নিবন্ধন করে কেরানীগঞ্জের তেগড়িয়া ইউনিয়নের কাজি অফিস। কিন্তু তেগড়িয়ার কাজি নাজিমউদ্দিন প্রত্যয়নপত্রের মাধ্যমে প্রথম আলোকে জানান, নাজমা বেগম ও ফজলুল করিমের কাবিননামাটি ভুয়া। জমি বিক্রির সময় নাজমা বেগম ফজলুল করিমের ওয়ারিশ হিসেবে ছেলে ওসমান গণি ও নিজের নাম উল্লেখ করেছেন। কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর কিউসি প্রপার্টিজের বিরুদ্ধে নাজমা বেগমের দায়ের করা মামলা, নাজমা বেগমের বিরুদ্ধে একুশে টিভির দায়ের করা মামলা এবং নাজমা বেগম ও তাঁর ছেলে ওসমান গণির বিরুদ্ধে ঢাকার একাধিক থানায় দায়ের করা বিভিন্ন মামলার সূত্র থেকে জানা গেছে, তাঁর প্রকৃত নাম সাহেরা খাতুন। স্বামীর নাম আবদুস সাত্তার। ১৯৮৬ সালের ২ জানুয়ারি আবদুস সাত্তারের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। ওসমান গণি ছাড়াও তাঁর আরও এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলের নাম ওবায়দুল হক এবং দুই মেয়ের নাম রেহানা আক্তার ও রোকসানা আক্তার। চলতি বছরের ১৯ এপ্রিল রোকসানা আক্তার (নাজমা বেগমের মেয়ে) তাঁর স্বামী ওহাব আলীর বিরুদ্ধে খিলগাঁও থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা (নম্বর ৪১) দায়ের করেন। তাতে রোকসানা এবং সাক্ষী ওসমান গণি পিতার নাম হিসেবে আবদুস সাত্তার উল্লেখ করেন।সূত্র জানায়, জমির জাল দলিল এবং ভুয়া কাবিননামা তৈরিতে নাজমা ওরফে সাহেরা খাতুনকে সহযোগিতা করেছেন জনৈক টি এম সামছুত তাব্রিজ, দিদারুল আলম, বেলায়েত হোসেন ওরফে লিটন মাঝি এবং ভূমি জরিপ অধিদপ্তরের কর্মচারী আলী আকবর খান ও হোসাইন মোহাম্মদ মামুন। জমি বিক্রির পুরস্কার হিসেবে নাজমা বেগম এদের ১০ থেকে ১৩ কোটি টাকা করে দেন। জরিপ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আলী আকবর এক বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। মামুন চাকরিতে ইস্তফা দিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। এ বিষয়ে নাজমা বেগম প্রথম আলোকে বলেন, আবদুস সাত্তারের সঙ্গে ছাড়াছাড়ির পর ফজলুল করিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর ছেলে ওসমান গণিও তা-ই দাবি করেন। নাজমা বেগম ছাড়াও নিজেকে ফজলুল করিমের স্ত্রী দাবি কুলসুম বিবি নামের অপর এক নারীও আমমোক্তারনামা দলিল তৈরি করেছেন। গত বছরের ১১ মে গুলশানের সরকারি এই জমিটি বিক্রির জন্য জনৈকা শামীমা ইসলামের নামে আমমোক্তারনামা দলিল তৈরি করা হয়। এই দলিলটিও নিবন্ধন করেন তখনকার গুলশানের সাব-রেজিস্ট্রার হেলালউদ্দিন। ঢাকার ভূমি নিবন্ধন অফিস সূত্র জানায়, নাজমা বেগমই কুলসুম বিবি সেজে আমমোক্তারনামা দলিলটি তৈরি করেন। নিজেকে ফজলুল করিমের স্ত্রী দাবি করেছেন মগবাজারের নয়াটোলার (বাসা নম্বর ৪৯০/৪) ছিদ্দিয়া বেগম নামের আরও এক নারী। তাঁর আইনজীবী টুটুল হোসেন জানান, ছিদ্দিয়া বেগমের স্বামী ফজলুল করিম মারা যান ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর। বর্তমানে কড়াইল মৌজার পৌনে সাত একর জমির অংশবিশেষ ছিদ্দিয়া বেগমের দখলে রয়েছে। ভূমি জরিপ অধিদপ্তর সূত্র জানায়, গত ৭ জুলাই জমিটির মালিকানা নির্ধারণের জন্য তাঁদের পক্ষে শুনানির আয়োজন করা হয়। তাতে ছিদ্দিয়া বেগমের ছেলে নুরুল ইসলাম অংশ নেন। গত ৩ আগস্ট প্রথম আলোয় ‘জাল দলিলে বেহাত সরকারের আড়াই হাজার কোটি টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে জাল দলিলের মাধ্যমে কড়াইলে পপুলার ইনস্যুরেন্সের জমি পানির দরে কেনার ঘটনা তুলে ধরা হয়।