গুলশানে বাড়ি দখল করতে আনসার বাহিনী ব্যবহার!
গুলশানের শাহজাদপুরে ব্যক্তিমালিকানাধীন বাড়ি দখলের কাজে সরকারি আনসার বাহিনীকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। হাইকোর্ট ওই বাড়িতে মোতায়েন আনসার সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তবে ১৪ দিনেও ওই নির্দেশ কার্যকর করা হয়নি।বাড়িটির মালিক দাবিদার গাজী মাহমুদ কামাল অভিযোগ করেন, তিনি প্রকৃত মালিকের কাছ থেকে সাড়ে নয় শতাংশ জমি কিনেছিলেন। এরপর তাঁর নামে নামজারি করাসহ নিয়মতান্ত্রিক সব প্রক্রিয়া সম্পন্ন করে নয়তলা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ করেছেন। কিন্তু এম এম ইকবাল আহমেদ নামের এক ব্যক্তি ক্ষমতাসীন দলের একজন নেতার প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে বাড়িটি দখলের চেষ্টা করে যাচ্ছেন। সর্বশেষ তাঁরা রাতের আঁধারে সন্ত্রাসীদের নিয়ে এসে বাড়ির ফটক ভেঙে ফেলেন। ফটক ভাঙার পরই একদল আনসার বাড়িতে ঢুকে অবস্থান নেয়। এম এম ইকবাল আহমেদ দাবি করেন, ‘আমি জমির প্রকৃত মালিক। গাজী মাহমুদ কামালের কাগজপত্র ভুয়া। তাঁকে আইনের আওতায় আনা হবে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি।’ তবে এম এম ইকবাল শাহজাদপুর ক-৭২/৫ নম্বরে আনসার মোতায়েনের জন্য আবেদন করেন। কিন্তু আনসার মোতায়েন করা হয়েছে ক-৭২/৪/সি বাড়িটিতে, যেখানে গাজী কামাল বসবাস করেন। আনসারের ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. ঈশান আলী রাজা বাঙ্গালী সদর দপ্তরে পাঠানো প্রতিবেদনে বলেন, ক-৭২/৫ শাহজাদপুরে আনসার মোতায়েনের নির্দেশ থাকলেও ওই এলাকায় এই নম্বরের কোনো জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাই আনসার সদস্যরা আগের মতো ফেরত আসেন। ইতিমধ্যে এম এম ইকবাল ক-৭২/৪/সি বাড়িকে ক-৭২/৫ দাবি করে তা জোরপূর্বক দখলের চেষ্টা করেছেন। এ নিয়ে গাজী কামাল গুলশান থানায় মামলা করেছেন। সেখানে এখন থানার পুলিশ অবস্থান করছে। কিন্তু গত ২৫ অক্টোবর আবার ওই বাড়ির সামনে আনসার সদস্যরা অবস্থান নেন। ১ নভেম্বর রাতে পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা বাড়িটির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর আনসার সদস্যরা বাড়িটির নিচতলায় অবস্থান নেন। এলাকার রাস্তা ও দোকানপাট বন্ধ করে দিয়ে রাতে বাড়ি দখলের ওই খবর গণমাধ্যমে প্রচারিত হয়। শাহজাদপুরে সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, তাঁরা গাজী কামালকেই এই বাড়ির মালিক বলে জানেন। তিনি পরিবার নিয়ে ওই বাড়িতেই থাকেন। তবে সম্প্রতি একটি পক্ষ মালিকানা দাবি করে রাতে বাড়িটি দখলের চেষ্টা করেছে। গাজী কামালের দেওয়া কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, আবদুস সোবহান নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০৭ সালে তিনি সাড়ে নয় শতাংশ জমি কেনেন। সোবহান ওই জমি কিনেছিলেন শামছুল হক নামের এক ব্যক্তির কাছ থেকে। গাজী কামাল ২০০৮ সালের ৬ মে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তর থেকে নামজারি করেন এবং জমির খাজনাও পরিশোধ করে আসছেন। ২০০৯ সালের ৪ নভেম্বর তিনি ওই জমিতে নয়তলা ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমোদন পান। ২০০৯ সালের ১৩ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনে আবেদন করলে শামছুল হকের নাম পরিবর্তন করে ক-৭২/৪/সি বাড়িটি গাজী মাহমুদ কামালের নামে নামকরণ করা হয়। এম এম ইকবালের দাবি, ২০০১ সালে তাহেরা বেগম নামের এক নারীর কাছ থেকে সাড়ে ১২ কাঠা জমি কিনেছিলেন তাঁর ভাই আলম আহমেদ। ওই জমি আলম পরে তাঁর নামে দানপত্র করে দেন। তবে গাজী কামাল দাবি করেন, ইকবাল যে জমি তাঁর বলে দাবি করছেন, সেই জমির দাগের সঙ্গে ক-৭২/৪/সি নম্বর বাড়ির দাগের মিল নেই।এদিকে কফিলউদ্দিন ওরফে কাফু নামের আরেকজনও এই বাড়ি দাবি করে আসছেন। তাঁর দাবি, তিনি ২০০৯ সালে ৭২/৪/সি শাহজাদপুরে সাড়ে নয় শতাংশ জমি শামছুল হকের কাছ থেকে কিনেছিলেন। গাজী মাহমুদ কামাল বলেন, ‘২০১১ সালের মার্চে আটতলায় নির্মাণকাজ চলার সময় প্রথমে এম এম ইকবাল গুলশান থানায় আমার বিরুদ্ধে একটি চুরির মামলা করেন। ইকবালের উদ্দেশ্য ছিল, ওই মামলায় আমাকে গ্রেপ্তার করিয়ে বাড়িটি দখল করবেন। তদন্ত শেষে পুলিশ মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।’আনসার সদর দপ্তর সূত্র জানায়, ২০১১ সালের মার্চে এম এম ইকবাল আহমেদ শাহজাদপুরের ক-৭২/৫ নম্বর বাড়িতে আনসার মোতায়েনের আবেদন করেন। তাতে তিনি অঙ্গীকার করেছিলেন, ক-৭২/৫ নম্বরের বাইরে আনসার ব্যবহার করা হবে না। ওই জমি নিয়ে কোনো মামলাও নেই। ইকবাল গুলশান থানার আনসার কর্মকর্তাকে নিয়ে বাড়িটি পরিদর্শনও করান। থানা আনসার কর্মকর্তা হাবিবুর রহমান পরিদর্শন প্রতিবেদনে জানান, এম এম ইকবাল যে ক-৭২/৪/সি জমির মালিক বলে দাবি করছেন, সেখানে মালিক হিসেবে গাজী মাহমুদ কামালের নাম লেখা। হাইকোর্টে রিট: ৫ নভেম্বর গাজী মাহমুদ কামাল তাঁর বাড়ি থেকে আনসার প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ক-৭২/৪/সি এবং ক-৭২/৫ নম্বর জমি থেকে তিন মাসের জন্য আনসার প্রত্যাহারের নির্দেশ দেন। এম এম ইকবাল প্রথম আলোকে বলেন, এর বিরুদ্ধে চেম্বার জজের আদালতে স্থগিতাদেশ চেয়ে আপিল করেন তিনি। এম এম ইকবাল তাঁর পক্ষে প্রথম আলোকে যে কাগজপত্র সরবরাহ করেন, তাতে দেখা যায়, চেম্বার জজ আদেশে বলেছেন, আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ মঞ্জুর করা হলো, তবে তা ক-৭২/৫ বাড়ির জন্য।এর পরদিন ৬ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যাট মো. ঈশান আলী রাজা বাঙ্গালীর সই করা দাপ্তরিক আদেশে বলা হয়, হাইকোর্ট আনসার ও ভিডিপি সদর দপ্তরকে আনসার প্রত্যাহারের নির্দেশ দেন। ১২ নভেম্বর আনসার ক্যাম্প প্রত্যাহার করা হবে। তবে গতকাল রোববার পর্যন্ত আনসার প্রত্যাহার করা হয়নি বলে জানান গাজী কামাল।পুলিশের প্রতিবেদন: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গুলশান থানার কর্মকর্তারা এই বাড়ি নিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে একাধিক প্রতিবেদন দিয়েছেন। গুলশান থানার প্রতিবেদনে বলা হয়, বাড়ির মালিক গাজী মাহমুদ কামাল হলেও এই বাড়ি নিয়ে বিবাদীদের সঙ্গে একাধিক মামলা আদালতে বিচারাধীন। আর সিআইডির প্রতিবেদনে বলা হয়, এম এম ইকবাল ও কফিলউদ্দিন পরস্পর যোগসাজশে একটি ভুয়া দাবিনামাপত্র ভুয়া কর্মকর্তার নামে সত্যায়িত দেখিয়ে ঢাকা সিটি করপোরেশনে দাখিল করেছেন। তাঁরা বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অপরাধ করেছেন।