গুলশানে ব্যবসায়ী খুন
রাজধানীর গুলশানে আজ সোমবার গোলাম রব্বানী রোমান (৪০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। ভোরে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে গুলশানের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী শবনম কবীর প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ আগে বসুন্ধরা আবাসিক এলাকাসংলগ্ন তাঁদের একটি জমির সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে বসুন্ধরা গ্রুপের লোকজন বাধা দেয়। এ নিয়ে তাঁদের সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনার পর তাঁর স্বামী খুন হয়েছেন। মামলায় তিনি এ বিষয়টি উল্লেখ করেছেন বলে জানান।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, নিহত ব্যবসায়ীর স্ত্রী মামলার এজাহারে উল্লেখ করেন, ‘এক সপ্তাহ পূর্বে দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে বসুন্ধরা গ্রুপের সঙ্গে আমার স্বামীর ঝগড়া-বিবাদ হয়েছিল, উপরোক্ত বিষয়টি তদন্ত করতে মর্জি হয়।’ ওসি বলেন, তবে ওই বিরোধের কারণেই তিনি খুন হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। নিহতের স্ত্রীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।গুলশান থানার পুলিশ জানায়, আজ ভোর চারটার দিকে গোলাম রব্বানী গুলশানের ১২৩ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ি থেকে দুই বন্ধুর সঙ্গে বের হন। তিনি রাস্তায় আসা মাত্র কয়েকজন যুবক চারদিক থেকে তাঁকে ঘিরে ফেলে। এ সময় তাঁর দুই বন্ধু পালিয়ে যান। সন্ত্রাসীরা কোনো কথা না বলে চাপাতি দিয়ে তাঁর ঘাড়ের ডানদিকে কোপ দিয়ে পালিয়ে যায়। তাঁর চিত্কারে আশপাশের বাড়ির নিরাপত্তাকর্মী ও অন্য লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক রব্বানীকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শী ও ওই বাড়ির দারোয়ান রমজান আলী প্রথম আলোকে জানান, খুব সকালে তিনজন লোক বাসা থেকে বেরিয়ে রাস্তায় নামতেই তিন-চারজন যুবক তাঁদের একজনকে কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়।নিহত রব্বানীর গাড়িচালক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রোববার বিকেলে কাজ নেই বলে গোলাম রব্বানী তাঁকে বাসায় যেতে বললে তিনি চলে যান। এরপর সকালে খুনের খবর পান। গুলশানের ওই বাড়িতে রব্বানী প্রায়ই আসতেন।জমি নিয়ে বিরোধ সম্পর্কে গাড়িচালক বলেন, প্রায় সাত-আট মাস আগে জসীম নামের এক ব্যক্তির কাছ থেকে গোলাম রব্বানী খিলক্ষেত তালেরটেক এলাকায় পাঁচ কাঠা জমি কেনেন। জমির দলিল পাওয়ার পর তিনি সীমানাপ্রাচীর দিতে গেলে বসুন্ধরার লোকজন জমিটি তাদের বলে বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করেও তিনি প্রাচীর নির্মাণ করেন। এ নিয়ে বসুন্ধরার সঙ্গে তাঁর বেশ কোন্দল চলছিল। রব্বানী এসব নিয়ে অভিযোগ দিতে পত্রিকা অফিসেও যেতে চেয়েছিলেন।নিহতের স্ত্রী শবনম কবীর জানান, আজ ভোরে তিনি হত্যার খবর পান। বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই তাঁদের পাঁচ কাঠা জমি রয়েছে। সপ্তাহ খানেক আগে ওই জমিতে সীমানাপ্রাচীর দিতে গেলে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে তাঁর স্বামীর বাগবিতণ্ডা হয়। এ সময় বসুন্ধরার কর্মকর্তারা দাবি করেন, জমিটি তাঁদের। তাই সেখানে কোনো প্রাচীর দেওয়া যাবে না। একপর্যায়ে তাঁরা জমির দখল ছেড়ে দেওয়ার জন্য তাঁর স্বামীকে নানা রকম হুমকি দেন।পারিবারিক সূত্র জানায়, আজ দুপুরের দিকে গোলাম রব্বানীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়। দুপুরে নিহতের লেক সিটি কনকর্ড টাওয়ারের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। আশপাশের বাসিন্দারা জানান, সবাই লাশ নিয়ে গ্রামের বাড়ি গেছেন।