গুলশানে ভাড়া বাড়িতে উঠলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গুলশানে নতুন বাড়িতে উঠেছেন। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ওই বাসায় যান। এ সময় ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা সঙ্গে ছিলেন। গত বছরের ডিসেম্বরে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটি নিজের বসবাসের জন্য ভাড়া নেন খালেদা জিয়া। এত দিন ওই বাসায় সাজসজ্জার কাজ চলছিল। বাড়িটি বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছেলে তানভীরুল ইসলামের বলে জানা গেছে।আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর খালেদা জিয়াকে গত বছরের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই দিন থেকে তিনি তাঁর ছোট ভাই শামীম এস্কান্দারের গুলশানের বাসায় বসবাস করছিলেন। ভাড়া নেওয়া দোতলা বাড়িটি এক বিঘা জমির ওপর অবস্থিত। ইতিমধ্যে সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।