গুলশানে রাতে বাড়ি দখলের চেষ্টা
রাজধানীর গুলশান লেকপাড়সংলগ্ন শাহজাদপুরে গতকাল বৃহস্পতিবার রাতে একটি নির্মাণাধীন বাড়ি দখলের চেষ্টা হয়েছে। পুলিশের উপস্থিতিতে আনসার সদস্য ও সন্ত্রাসীরা দখলের জন্য বাড়িটির প্রধান ফটক ভেঙে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ির মালিক দাবিদার গাজী মাহমুদ কামাল অভিযোগ করেন, প্রকৃত মালিকের কাছ থেকে জমি কিনে তিনি রাজউকের অনুমোদন নিয়ে বাড়ি নির্মাণ করছিলেন। কিন্তু এম এম ইকবাল নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে অবৈধভাবে বাড়িটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল রাতে গাজী কামাল মালিকানার সপক্ষে যাবতীয় কাগজপত্র সাংবাদিকদের দেখান। জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত গুলশানের আনসার ভিডিপির কমান্ডার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, উপরের নির্দেশে আনসার সদস্যরা এখানে এসেছে। বাড়িটির মালিক দাবিদার গাজী কামাল ও এম এম ইকবাল। এ নিয়ে আদালতে মামলা চলছে। আনসার আসার কারণ জানতে চাইলে উপস্থিত আনসার সদস্যরা তাদের দাপ্তরিক আদেশ দেখান। ঢাকা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) কমান্ড্যান্ট মো. ঈশান আলী রাজা বাঙালীর সই করা আদেশে বলা হয়, আদিষ্ট হয়ে এম এম ইকবাল আহমেদের ক/৭২/৫ শাহজাদপুরে সার্বিক নিরাপত্তায় আনসার সদস্যদের মোতায়েন করা হলো। অথচ আনসার যে বাড়িতে ঢুকেছে, সেটার নম্বর ক/৭২/সি। এই বাড়িতে ঢোকার কারণ জানতে চাইলে আনসার সদস্যরা বলেন, ‘আনসার কমান্ডারের নির্দেশে তাঁরা এই বাড়িতে ঢুকেছেন।’ স্থানীয় লোকজন জানান, ক/৭২/৫ নম্বর নামে কোনো বাড়ি ওই এলাকায় নেই। নির্মাণাধীন ভবনটির প্রকৌশলী রাকিবুল হাসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে আনসার সদস্যরা ক/৭২/সি নম্বর শাহজাদপুরে বাড়ির সামনে অবস্থান নেয়। রাতে আনসারদের সংখ্যা বাড়তে থাকে। রাত নয়টার সঙ্গে এদের সঙ্গে যুক্ত হয় আরও আনসার সদস্য। এদের সঙ্গে আসে আরও ১৫/২০ যুবক। রাত ১০টার দিকে পিকআপে করে একদল পুলিশ আসে। তারা ওই এলাকার যান চলাচল ও দোকানপাট বন্ধ করে দেয়। রাত ১০টা ৪০ মিনিটে আনসারদের উপস্থিতিতে লাঠি ও বাঁশ হাতে এক দল সন্ত্রাসী প্রধান ফটক খুলতে বলে। এ সময় বাড়ির তত্ত্বাবধায়কেরা ফটক খুলতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ইস্পাতের কাঠামোর ওপর বসানো কাঠ ভাঙা শুরু করে। তারা রাস্তার বৈদ্যুতিক বাল্ব ভেঙে ফেলে। একপর্যায়ে আনসার এসে তাদের সঙ্গে ফটক ভাঙতে যোগ দেয়। একপর্যায়ে তত্ত্বাবধায়কেরা ফটকটি খুলে দিলে রাত ১১টা ৪ মিনিটে আনসার সদস্যরা নিচতলায় ঢুকে সবাইকে বের করে দেয়। হামলাকারীদের ছবি ধারণ করতে গেলে তারা গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন সাগর নামে এক যুবককে আটক করে পিটুনির পর পুলিশে সোপর্দ করে।ভবনের মালিক গাজী মাহমুদ কামাল বলেন, পুলিশ ও আনসারদের মহড়ার কারণে তাঁর বৃদ্ধ বাবা ও স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন।গুলশানের আনসার কমান্ডার দাবি করেন, আনসার সদস্যরা ওই বাড়ির ফটক ভাঙেনি। যোগাযোগ করা হলে এস এম ইকবালের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আক্তার বলেন, একটি বাড়ির মালিকানা নিয়ে সমস্যা হয়েছে, এটা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে রাত দুইটার দিকে এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি শান্ত ছিল বলে তিনি জানান।