আগুন লাগার সময় রেস্তোরাঁয় তিনটি অনুষ্ঠান চলছিল
গুলশানে রেস্তোরাঁয় আগুন কলেজছাত্রীর মৃত্যু
রাজধানীর গুলশানে গতকাল শনিবার রাতে একটি রেস্তোরাঁয় আগুন লেগে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহত ব্যক্তিদের ইউনাইটেড হাসপাতালসহ আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে গুলশান ১ ও ২ নম্বরের মাঝামাঝি ১১৮ গুলশান এভিনিউয়ের দেজাভু ক্যাফের তৃতীয় তলায় আগুন লাগে। এ সময় তিনতলার ওই রেস্তোরাঁটিতে তিনটি অনুষ্ঠান চলছিল। তৃতীয় তলায় চলছিল একটি জন্মদিনের অনুষ্ঠান। নিহত রোখসানা আক্তার (২০) তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। রোখসানা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে সালমান, রাজীব, অনিকা, টিটু ও কাজী রইসউদ্দীনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাস্থলে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল রশীদ প্রথম আলোকে বলেন, তিনতলার রেস্তোরাঁটির তৃতীয় তলায় আগুন লাগে। শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন। রেস্তোরাঁটির ওপরের দিকটা ফলস সিলিং ও প্রচুর কাপড়ের ঝালর দিয়ে সাজানো ছিল। ছাদের কোনো অংশে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সাজসজ্জার কাপড়ে ও ফলস সিলিংয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলস সিলিংয়ের প্লাস্টিক পোড়ার কারণে ধোঁয়াও হয়েছে প্রচুর। পুরো শীতাতপ নিয়ন্ত্রিত ওই ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হওয়ারও কোনো পথ ছিল না। ধোঁয়াতেই অসুস্থ হয়ে পড়েন ভেতরে থাকা অনেকে। রোখসানা নামের যে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে তাঁর শরীরে পোড়ার চিহ্ন খুব ছিল না। ধোঁয়ায় দম বন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, পুরো রেস্তোরাঁয় তখন তিনটি অনুষ্ঠান হচ্ছিল। তিনি তৃতীয় তলায় আইয়ুব হোসেনের কন্যা লুবাবার জন্মদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন। জন্মদিনের অনুষ্ঠান তখনো শুরু হয়নি। নয়টার দিকে হঠাৎই তৃতীয় তলার এক কোণে আগুন লেগে যায়।নজরুল ইসলাম জানান, তাঁদের অনুষ্ঠানের ছয়জন অতিথি আহত হয়েছেন। বেশির ভাগই প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।ইউনাইটেড হাসপাতাল থেকে জানানো হয়, আগুনে আহত হয়ে পাঁচজন ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই শ্বাসকষ্টজনিত সমস্যার রোগী।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় কোনো বিস্ফোরণ হয়নি এবং আগুন লাগার পরপরই বিদ্যুৎ চলে যায়। এ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।আগুন লাগার পর ভবনটির ভেতর গিয়ে দেখা গেছে, টেবিলে সারি সারি খাবার, তৈজসপত্র সবকিছুই ধোঁয়ায় কালো হয়ে গেছে। তৃতীয় তলার ছাদ পুড়ে গেছে।গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক ওবায়দুল ইসলাম জানান, নিহত রোখসানা তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।