গুলশানে সন্ত্রাসীদের গুলিতে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ নিয়ে এক মাসের মধ্যে রাজধানীতে দুই ঘটনায় তিনজন পুলিশ গুলিবিদ্ধ হলেন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। অপর এক ঘটনায় আহত হন আরও চার পুলিশ সদস্য। একজনের অস্ত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা, যা এখনো উদ্ধার হয়নি। পুলিশ সূত্র জানায়, গতকাল আহত কনস্টেবল আসাদুজ্জামান (২৮) পুলিশের চ্যান্সেরি বিভাগে কর্মরত ছিলেন। বিদেশি দূতাবাস ও মিশনগুলোতে নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছে চ্যান্সেরি পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী কনস্টেবল মমিনুল হক জানান, আহত আসাদুজ্জামান, হাবিলদার ফখরুল ইসলাম ও তিনি একযোগে গতকাল টহলে নিয়োজিত ছিলেন। রাত ১০টার দিকে গুলশান ১ নম্বরের ৩ ও ৫ নম্বর সড়কের মধ্যবর্তী জায়গায় (শ্যুটিং ক্লাবের পাশে) একটি তল্লাশি চৌকিতে তাঁরা থামেন। হঠাৎ একটু দূরে কয়েকজনের চিৎকার শুনে মমিনুল ও আসাদুজ্জামান দুটি মোটরসাইকেল নিয়ে এগিয়ে যান। হাবিলদার ফখরুল তল্লাশি চৌকিতেই ছিলেন। অনতিদূরে থেমে থাকা একটি গাড়ি থেকে হঠাৎই কেউ একজন গুলি করলে কনস্টেবল আসাদ মোটরসাইকেলসহ পড়ে যান। এরপর তাঁকে প্রথমে শিকদার মেডিকেলে ও পরে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। আহত আসাদের গ্রামের বাড়ি নাটোর সদরে।সঙ্গে পিস্তল থাকা সত্ত্বেও আপনি হামলাকারীদের গুলি করলেন না কেন—প্রশ্নের জবাবে মমিনুল বলেন, ‘মোটরসাইকেল চালাচ্ছিলাম। মোটরসাইকেল সামলে পিস্তল বের করে গুলি করার আগেই তারা পালিয়ে যায়।’কনস্টেবল মমিনুল জানান, থেমে থাকা গাড়িটিতে করে ছিনতাই করা হচ্ছিল। রুপালি (সিলভার) রঙের টয়োটা প্রিমিও গাড়িটির কোনো নম্বরপ্লেট ছিল না। ঘটনার পর ছিনতাইয়ের শিকার তিনজন লোকও সেখান থেকে চলে যান।ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বক্ষব্যাধি হাসপাতালে আসেন। তিনি সাংবাদিকদের জানান, পুলিশ ছিনতাইকারীদের গাড়ি চ্যালেঞ্জ করলে সেখান থেকে গুলি ছুড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গাড়িটিতে কোনো নম্বর ছিল না। হামলাকারীদের খোঁজা হচ্ছে বলে তিনি জানান।র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম জানান, গুলশান এলাকায় চকচকে গাড়ি নিয়ে ছিনতাই করে বেড়ায় কিছু তরুণ-যুবা। এটিও হয়তো সে রকম ঘটনা। পুলিশ-র‌্যাব যৌথভাবেই হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।এর আগে গত ১৯ আগস্ট রাতে রাজধানীর মতিঝিলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কনস্টেবল মঞ্জুরুল ইসলাম। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরেক কনস্টেবল হাবিবুল্লাহ। এ ঘটনায় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় এক হামলাকারী। ওই হামলাকারীসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা করে। তবে বাকি দুজনকে এখনো খুঁজে পায়নি পুলিশ।এর এক দিন পরই ১৮ আগস্ট গুলশানে সাংসদের দেহরক্ষী পুলিশ কনস্টেবলের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়। এ সময় ছিনতাইকারীদের গুলিতে সাংসদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।মতিঝিলের ঘটনার দুই দিন আগেই ১৭ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জতে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হন খিলক্ষেত থানার চার পুলিশ। তাঁরা হলেন চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম, উপপরিদর্শক হাবিবুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন ও কনস্টেবল (চালক) এমদাদ। উপপরিদর্শক হাবিবুরের সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। যা এখনো উদ্ধার হয়নি।