গুলশানে হিজবুত তাহরীরের দুই সদস্য আটক
রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকা থেকে ফজলে ওহাব ও আশফাক-ই জামান নামের দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ভোর পাঁচটার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীরের সদস্য। তাদের সঙ্গে নিয়ে ডিবি পুলিশের সদর দপ্তরে আজ এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ডিবি পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বারিধারার কূটনৈতিকপাড়ায় তারা সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।তবে ফজলে ওহাব সাংবাদিকদের বলেন, তিনি হিজবুত তাহরীরের সদস্য নন। তিনি তাবলিগ জামাতের সদস্য।অন্যদিকে আশফাক বলেন, তাঁর ছোট ভাই হিজবুত তাহরীরের সদস্য। ছোট ভাইকে ধরতে গিয়ে তাঁকে ধরা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ডিবি পুলিশ জানায়, এদের কাছ থেকে বিভিন্ন ধরনের লিফলেট, রাষ্ট্রবিরোধী বই, খিলাফত রাষ্ট্রের সংবিধান, খিলাফত রাষ্ট্র কাঠামোর বই, বেশ কিছু ডায়েরি এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।