গুলশানের ওয়ান্ডারল্যান্ডে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের বিনোদন কেন্দ্র ওয়ান্ডারল্যান্ডে অভিযান চালিয়ে প্রধান ফটক এবং সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল সকাল ১০টার দিকে অভিযান শুরু হয়। নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, মারুফ হাসান, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রমুখ। অভিযানে পুলিশের প্রায় ১০০ সদস্য ও রাজউক নিয়োজিত শ্রমিকেরা অংশ নেন।তবে বিনা নোটিশে উচ্ছেদ করা হচ্ছে—এই অভিযোগ তুলে অভিযানে বাধা দেয় ওয়ান্ডারল্যান্ডের কর্তৃপক্ষ। মূল ফটক ভাঙার কাজ শুরু হলে প্রায় ৩০০ লোক জড়ো হয়ে ভেতর থেকে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে কয়েকজন শ্রমিক ও গাড়িচালক সামান্য আহত হন। অভিযানকারী দলের নেতারা গুলশান থানায় গিয়ে আশ্রয় নেন। ইটের আঘাতে পাশের সড়কপথে চলাচলকারী ১২টির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ তাড়া করলে ইট নিক্ষেপকারীরা পালিয়ে যায়। এ সময় ওয়ান্ডারল্যান্ডের অন্যতম মালিক মোস্তাফিজুর রহমান উচ্ছেদকাজের প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, নোটিশ না দিয়েই অতর্কিতে অভিযান চালানো হয়েছে। জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানস্থলে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা বলেন, আগেই মৌখিকভাবে ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষকে অভিযানের বিষয়ে অবহিত করা হয়েছিল। তিনি বলেন, বাধা দিয়ে অভিযান বন্ধ করা যাবে না। বরং এমন আচরণ করলে রাজউককেও কঠোর হতে হবে। তিনি কর্তৃপক্ষকে বোঝান, প্রধান ফটক এবং সীমানা প্রাচীর ভেঙে দিয়ে আপাতত অভিযান শেষ করা হবে। দুদিন সময় দেওয়া হবে মূল্যবান উপকরণগুলো সরিয়ে নেওয়ার জন্য। পরে একে একে প্রধান ফটক এবং সীমানা প্রাচীর ভাঙা হয়। সীমানা প্রাচীরের সঙ্গে লাগোয়া কয়েকটি ছোট ঘরও বুলডোজারের আঘাতে ভেঙে যায়। কীভাবে গড়ে ওঠে ওয়ান্ডারল্যান্ড: রাজউক ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্র জানায়, ১৯৭২ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) উন্মুক্ত পার্ক করার জন্য ওই সময়কার গুলশান পৌরসভাকে সাত একর জায়গা দেয়। গড়ে ওঠে গুলশান পার্ক। কিন্তু ১৯৯৩ সালে ডিসিসি ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে তিন বছরের চুক্তি করে। আবাসিক এলাকায় গড়ে ওঠে বাণিজ্যিক বিনোদন পার্ক। পরে ডিসিসি আর এর নবায়ন করেনি। কিন্তু বিনোদন পার্কটি চলতে থাকে। রাজউক ওই জায়গার বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট রায়ে বলেন, নিয়মতান্ত্রিকভাবে জায়গাটি বরাদ্দ দেওয়া হয়নি। তবে যেহেতু জায়গাটি শিশুদের বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে, তাই কোনো বাণিজ্যিক এলাকায় ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষকে বিকল্প জায়গা দেওয়া যায়। পরে রাজউক সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে জানায়, এত বড় আয়তনের বিকল্প কোনো জায়গা রাজউকের হাতে নেই। তার ভিত্তিতে গত ১৮ মার্চ আপিল বিভাগ রাজউকের পক্ষে রায় দেন।রাজউকের চেয়ারম্যান বলেন, অনেক দিন ধরে গুলশান পার্কটি দখলে রেখে ওয়ান্ডারল্যান্ড বাণিজ্যিক কাজ চালাচ্ছিল। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের অনুমতির প্রতিলিপি রাজউকের হাতে আসে। তার ভিত্তিতে গতকাল উচ্ছেদকাজ শুরু করা হয়। উদ্ধারের পর এলাকাবাসী ও শিশু-কিশোরদের জন্য গুলশান পার্ক উন্মুক্ত রাখা হবে।রাজউকের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম জানান, ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষকে দুই দিনের সময় দেওয়ার কারণে আজ মঙ্গলবার ও কাল বুধবার অভিযান বন্ধ থাকবে।