গুলশানের জমি জালিয়াতি: ২০ জনের বিরুদ্ধে মামলা
দলিল জালিয়াতির মাধ্যমে গুলশানের কড়াইল মৌজার সাত একর সরকারি জমি ২৯৪ কোটি টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে ২০ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আসামিরা হচ্ছেন ভুয়া জমির মালিক ও জমিবিক্রেতা মো. ওসমান গণি ও তাঁর মা নাজমা বেগম, জাল বায়না তৈরিকারী লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, ভুয়া সাক্ষী সারোয়ার হোসেন, ভূমি নিবন্ধন কার্যালয়ের পাঁচজন সহকারী নিবন্ধকসহ মোট ২০ জন।আজ বুধবার বিকেলে গুলশান থানায় দুদকের পক্ষে এ মামলা করেছেন উপসহকারী পরিচালক সৈয়দ আতাউল কবীর। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত কর্মকর্তা।মামলার এজাহারে উল্লেখ রয়েছে, অসত্ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরস্পরের সহযোগিতায় প্রতারণা, দলিল জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি সম্পত্তি দখল করে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কাছে ২৯৪ কোটি টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। এই জমিটি ১৯৫৭ সালে সরকার তত্কালীন টিঅ্যান্ডটির অনুকূলে অধিগ্রহণ করে। গত বছরের ৩ সেপ্টেম্বর জনৈক ফজলুল করিমের স্ত্রী সেজে নাজমা বেগম জমিটি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কাছে বিক্রি করেন। এ বাবদ জালিয়াত চক্র পপুলার লাইফের কাছ থেকে নগদ ও পে অর্ডারের মাধ্যমে ৯১ কোটি টাকা গ্রহণ করে।এ বিষয়ে গত ৩ আগস্ট প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।