গুলশানের জোড়া খুনে ব্যবহূত পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের কালাচাঁদপুরে ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রীকে হত্যায় ব্যবহূত পিস্তলটি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার বিকেলে ডিবি রাজধানীর কুড়িল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।ডিবির সূত্র জানায়, ব্যবসায়ী সাদেক ও তাঁর স্ত্রী রোমানা হত্যায় প্রধান অভিযুক্ত রুবেল রিমান্ডে ডিবির কর্মকর্তাদের কাছে স্বীকার করেন, ব্যবহূত পিস্তলটি তিনি জোয়ারসাহারা এলাকার বন্ধু নাজমুল হোসেন ওরফে বাবুর কাছে রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জোয়ারসাহারা এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।ডিবির উপকমিশনার (ডিসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেন, হত্যায় ব্যবহূত পিস্তলটি তিনি কুড়িলের ‘যমুনা ফিউচার পার্ক’ এলাকায় ফেলে দিয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে গতকাল বেলা তিনটার দিকে সেখান থেকে চেক রিপাবলিকের তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। নাজমুলকে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গুলশানে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া রুবেলের বন্ধু মিথুন ও ভগ্নিপতি রাব্বি হোসেনও ডিবির রিমান্ডে আছেন। রুবেল ২৪ মার্চ সাদেকুর-রোমানা দম্পতির বাসায় ঢুকে তাঁদের গুলি করেন।পরিবারের নিরাপত্তা দাবি: নিহত সাদেকের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। গতকাল এফবিসিসিআইয়ের কয়েকজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সঙ্গে দেখা করে এ দাবি জানান। এ ছাড়া হত্যায় অভিযুক্ত ব্যক্তিরা যেন কোনোভাবেই আইনের ফাঁক দিয়ে জামিন না পান, সে জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সহায়তা কামনা করেন ব্যবসায়ীরা।